আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও তাদের (বিএনপির) দেয়া শর্তে গুরুত্ব দিচ্ছেন না ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। তাদের মতে, অস্তিত্ব টিকিয়ে রাখতেই শেষ পর্যন্ত শর্ত ছাড়াই বিএনপি এ নির্বাচনে অংশ নেবে।
প্রসঙ্গত, শর্তসাপেক্ষে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের শর্ত হলো-১৫ দিন পিছিয়ে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা এবং গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা।
এদিকে বিএনপির নির্বাচনে অংশগ্রহনের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ। এ বিষয়ে এ প্রতিবেদককে তিনি বলেন, তারা (বিএনপি) তো নির্বাচনে আসার বিষয়ে সিদ্ধান্তের কথা তো জানিয়েছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। বিএনপির দেওয়া শর্ত প্রসঙ্গে তিনি বলেন, এখন তাদের শর্তের কথা ভোগাস। এ ধরনের শর্তে আসলে কিছু আসে যায় না। এ নির্বাচনে আমাদেরও তো শর্ত আছে। আমরাও বলছি নির্বাচনে সংসদ সদস্যদেরকে প্রচারণায় অংশ নিতে দিতে হবে।
একই বিষয়ে দলের সভাপতিম-লীর আরেক সদস্য নূহ-উল আলম লেনিন এ প্রতিবেদককে বলেন, বিএনপি যে শর্ত দিয়েছে এটা বিবেচনা করার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন নির্বাচন পেছাবে কী-না? রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাদের নিয়োগ দেবে? এটা কমিশনের এখতিয়ার। এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই। নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, দেশ ও জনগণের নিরাপত্ত্বার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করছে। এখানে বিএনপির নেতাকর্মী পরিচয়ে গ্রেপ্তার করা হচ্ছে না।
এদিকে শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে পৌর নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে না যাওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, শুনেছি বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আমি এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। একই সাথে বলবো নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে না যেতে।
একই আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পৌরসভা নির্বাচনে আসার জন্য শর্ত দিলেও পরবর্তীতে তা থাকবে না বিএনপির। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপিকে নির্বাচনে আসা উচিত।
























































