শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » আসছে লিওনার্দো ডিক্যাপ্রিও’র নতুন ছবি ‘দ্য রেভন্যান্ট’


আসছে লিওনার্দো ডিক্যাপ্রিও’র নতুন ছবি ‘দ্য রেভন্যান্ট’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৫

Leonardo-DiCaprio
ডেস্ক রিপোর্ট :

টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও-এর ছবি মানেই চলচ্চিত্রবোদ্ধাদের আলোচনা সমালোচনার এক ভিন্ন রসদ। সেই সঙ্গে, দর্শকদের জন্যও বাড়তি উত্তেজনা। আর সেই সব ডিক্যাপ্রিও ভক্তদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতার নতুন ছবি দ্য রেভন্যান্ট।

ডিক্যাপ্রিও ছাড়াও, ছবিটির গল্প, পরিচালক আর এর পেছনের কারিগরদের কারণে মুক্তির আগেই দ্য রেভন্যান্ট চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেমন হতে যাচ্ছে টাইটানিক খ্যাত এই তারকার এবারের ছবিটি?

১৮২৩ সালের কথা। যুক্তরাষ্ট্রের ডাকোটা অঞ্চলে শিকারে গিয়ে ভল্লুক দ্বারা আক্রান্ত হন হিউজ গ্লাস নামক এক শিকারি। পরে তাকে ওই অবস্থায় রেখেই তার সবকিছু লুটে চলে যায় তার সঙ্গীরা। এমনকি যাওয়ার সময় তার ছেলেকেও হত্যা করে তারা। আর হিউজকে মৃত ভেবে রেখে যায় বনের গহীনে।

এক সময় বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে হিউজ। প্রতিশোধ নিতে ২০০ মাইল পথ অতিক্রম করে পাড়ি জমান লোকালয়ে। আর এভাবেই এগোতে থাকে দ্য রেভন্যান্ট ছবির কাহিনী।

ছবিটির কেন্দ্রীয় চরিত্র হিউজের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন টাইটানিক খ্যাত লিওনার্দো ডিক্যাপ্রিও। এছাড়াও, দ্য রেভন্যান্ট ছবিতে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা টম হার্ডিকে।

নিউ রিজেন্সি পিকচার্স ও র‌্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট এর যৌথ প্রযোজনায় দ্য রেভন্যান্ট ছবিটি পরিচালনা করেছেন বার্ডসম্যান খ্যাত অস্কারজয়ী পরিচালক আলেজান্দ্রো গনজালেস ইনারিতু। আর ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এর পরিবেশনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী রূপালী দর্শকদের জন্য দ্য রেভন্যান্ট ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জানুয়ারি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি