বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের ঘটনাকে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের অপকৌশল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান। মসজিদে ঢুকে গুলি চালানোর ঘটনা বাংলাদেশে আগে কখনো শোনা যায়নি। নজিরবিহীন এ ঘটনা কিসের আলামত এ প্রসঙ্গে ড. জিয়া বলেন, বাংলাদেশকে যারা পিছিয়ে নিতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়, এদেশকে পাকিস্তান বানাতে চায়, যারা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারাই এসব হামলা ঘটাচ্ছে। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এসব হামলাকারীরা দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
অধ্যাপক ড. জিয়া বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাংস্কৃতিক দিক দিয়ে বাঙালি জাতির ঐতিহ্য ধরে রেখেছে। এখানে শিয়া-সুন্নীর বিভেদ নেই। সম্প্রতি তাজিয়া মিছিলে শিয়া-সুন্নী সবাই অংশগ্রহণ করেছে। অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মুসলমানেরা যায়। তারা আবার মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়। কিন্তু ইতোমধ্যে শিয়া-সুন্নীর বিভেদ সৃষ্টি করে বিশৃঙ্খলা চেষ্টা চলছে। পরোক্ষভাবে এ চেষ্টার পেছনে আন্তর্জাতিক মহলের হাত রয়েছে।
বিদেশি নাগরিক হত্যা ও শিয়া সম্প্রদায়ের উপর হামলার সঙ্গে আন্তর্জাতিক মহলের কোনো যোগসূত্র রয়েছে কিনা ? এ প্রশ্নের প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরাশক্তি পরোক্ষভাবে ইন্ধন যোগাচ্ছে। যেমন ইতোমধ্যেই পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। একইভাবে জাতিসংঘ বিবৃতি দিয়েছে। কাজেই সামগ্রিকভাবে বিশ্লেøষণ করলে দেখা যায় এসব দেশও নিজেদের দায় এড়াতে পারে না। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে যা প্রতিষ্ঠা করতে চাই তার বিরোধিতা করছে এসব দেশ।
মসজিদের ভেতরে ঢুকে মুসল্লি হত্যার পেছনে কিসের আলামত দেখতে পাওয়া যায় এ প্রসঙ্গে তিনি বলেন, আলামত নয়, আমি কিছুই দেখছি না। যুদ্ধাপরাধীদের বিচার চলছে চলবে। স্বাধীনতার ৪৪ বছর পর বাংলাদেশ দায়মুক্তির একটি জায়গায় পৌঁছে গেছে। ’৭৫- এর পরে মাঝখানে বাংলাদেশের স্বাধীনতার গৌরব হারিয়ে ফেলেছিলাম। এখন তা পুনরুদ্ধার হচ্ছে। যে যত ধরনের ষড়যন্ত্রই করুক না কেন- আমাদের সামাজিক অর্থনৈতিক, রাজনীতি দমিয়ে রাখতে পারবে না।
শিয়া-সুন্নীর বিভেদ সৃষ্টি করার জন্যই কী এ ধরনের হামলার ঘটনাগুলো ঘটছে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. জিয়া বলেন, এটা মূলত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্যই এ ধরনের হামলার ঘটনাগুলো ঘটছে। বিচার বন্ধে বিপুল অংকের টাকা বিনিয়োগ করা হয়েছে। তাজিয়া মিছিলে হামলা ও শিবগঞ্জে মসজিদে হামলা এর একটা অংশ।
জঙ্গি সংগঠনগুলোকে পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এর দাবি শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনা আইএস দায় স্বীকার করেছে। আইএস-এর দায় স্বীকারের সংবাদটি আপনি কীভাবে দেখছেন? এ প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে যে টাকা বিনিয়োগ করা হয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এর একটা অংশ মাত্র। এ ওয়েবসাইটের বিষয়ে গবেষণা করে দেখা গেছে, এখানে নিউজ বেচাকেনা হয়। আমেরিকা যখন ইরাক আক্রমণ করে তখন সিএনএন ও আল-জাজিরার মত মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ নিয়ে প্রশ্ন উঠা নতুন কিছু নয়। কোটি কোটি ডলার ব্যয়ে লবিস্ট নিয়োগ করে কংগ্রেসে হিয়ারিং বা বিল এ্যাক্ট পাস কর যায়। অর্থ বিনিয়োগ করে ওয়েবসাইট চালানো বিশ্ব বাস্তবতার বাইরে নয়।
যুদ্ধাপরাধীদের বিষয়ে অধ্যাপক ড. জিয়া বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায় কার্যকর করা নিয়ে ইতোমধ্যে জাতিসংঘ প্রশ্ন তুলে বিবৃতি দিয়েছে। জাতিসংঘ যে ভাষায় কথা বলে এর অংশ সংগঠনগুলোও সেই ভাবে কথা বলে। কিন্তু আফগানিস্তানে যখন আমেরিকার আক্রমণ করেছে তখন জাতিসংঘের কোনো অনুমতি নিয়ে প্রয়োজন হয়নি।
তিনি বলেন, দেশ উন্নয়নের জন্য সরকার বিভিন্নভাবে কাজ করছে। যাদের এসব উন্নয়ন পছন্দ হয় না তারা অভিনব কায়দায় দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করে। জাতীয় নির্বাচনের সময় এ দেশেই পেট্রলবোমায় নারী ও শিশু হত্যা করা হয়েছে, যা আগে কখনো ঘটেনি। কিন্তু তাদের সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন আবারও তারা শিয়া, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়ে মানুষের মনে ভীতি সৃষ্টি করার চেষ্টা চলাচ্ছে। এসব আক্রমণের পেছনে মূলত যুদ্ধাপরাধী বিচারের বিষয়টা জড়িয়ে আছে। সেখানে হয়তো নানা গোষ্ঠী রয়েছে- যেমন জেএমবি, হিজবুত তাহরির। তবে আইএসের বিষয়টা নিয়ে বিতর্কের কিছু নেই। মানুষ যেখানে জঙ্গি সংগঠনের দ্বারা আক্রমণ হচ্ছে সেখানে আইএস থাকলেই কী না থাকলেই কী?
তাজিয়া মিছিলে হামলার প্রায় ১ মাস পরেই বগুড়া শিবগঞ্জে মসজিদের ভেতরে ঢুকে হামলা করা হয়েছে। আক্রমণে ধারাবাহিকতা দেখা যাচ্ছে এ কথা বলার সঙ্গে সঙ্গে অধ্যাপক জিয়া রহমান বলেন, আমেরিকা, ইংল্যান্ডে, ফ্রান্সসহ বিশ্বের অধিকাংশ দেশেই কম-বেশি মানুষের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। সেখানে বাংলাদেশ এর বাইরে নয়। সরকার চাইলেই রাতারাতি পরিবর্তন করতে পারবে না। তবে পাকিস্তান-ভারতের তুলনায় আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সচেতন।
এদিকে শিয়া সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট এ এন এম মনিরুজ্জামান বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মসজিদে ঢুকে হামলার ঘটনা উদ্বেগজনক। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। একই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, দুর্বৃত্তদের আক্রমণের ধারাবাহিকতা চলে আসছে।
এ এন এম মনিরুজ্জামান বলেন, প্রায় ১ মাস আগে রাজধানীতে হোসনি দালানে শিয়া সম্প্রদায়ের মিছিলের উপর হামলার ঘটনা ঘটে। মসজিদে ঢুকে হামলার ঘটনা আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। আক্রমণে খ্রিস্টান, শিয়া ও সুন্নীদের ভেতর চরম বিরোধ সৃষ্টি করার আলামত। যা রাষ্ট্রের জন্য কোনো ভাবেই কাম্য নয়। এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে এখনই কঠোর হস্তে নির্মূল করতে হবে, তা-না হলে ভবিষ্যতে এ ঘটনা বেড়ে যাবে।
বগুড়ায় শিবগঞ্জে মসজিদে ঢুকে মুয়াজ্জিন হত্যা সম্পর্কে শিবগঞ্জ থানার ওসির মন্তব্য জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।
ওসি শুধু বলেন, ঘটনা ঘটছে, তদন্ত চলছে।
























































