বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) আছে কি নেই এ নিয়ে বিতর্কের মধ্যে একের পর এক হামলা চলছেই। স্বরাষ্ট্রমন্ত্রী ডয়চে ভেলেকে বলেছেন, ”বাংলাদেশে কোনো আইএস নেই। কিছু জেএমবি ধরা পড়ে, আবার ছাড়া পায় তারাই এসব করছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘বিদেশি হত্যাকা-সহ সাম্প্রতিক সব হত্যাকা-ের দায় স্বীকার করছে আইএস। অথচ সরকার বলছে দেশে কোনো আইএস নেই। তাহলে সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করে প্রমাণ করছে না কেন দেশে আইএস নেই।’
পুলিশের দাবি, জামায়াত-শিবির থেকে আসা একদল নতুন সদস্য জেএমবির ওই অংশটির অর্থ জোগান দিয়ে আসছে। ওই অংশটিই ৪ নভেম্বর আশুলিয়ায় একটি তল্লাশি চৌকিতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এরাই গত এপ্রিল মাসে আশুলিয়ার কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল। রংপুরে কুপিয়ে মাজারের খাদেমকে হত্যা এবং সৈয়দপুরে ইমামবাড়ার খাদেমকে জখম করার সঙ্গেও এই অংশটির সদস্যরা জড়িত বলে দাবি পুলিশের।
এদিকে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা পুন:প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় পার্লামেন্টের সাতটি পৃথক রাজনৈতিক গোষ্ঠী গত মঙ্গলবার আলাদা আলাদাভাবে আলোচনার প্রস্তাব দিয়েছিল। পরে ওই সাতটি প্রস্তাবের বিষয়গুলো নিয়ে যৌথ প্রস্তাবনার ওপর আলোচনার পর একটি অভিন্ন অবস্থানের ওপর সুপারিশের ভিত্তিতে প্রস্তাব গৃহীত হয়। এদিকে বাংলাদেশের চলমান সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন ৪ মন্ত্রী।
তোফায়েল আহমেদ
জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র অন্যায় করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, তৈরি পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র অন্যায় করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। শনিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল
জঙ্গিবাদ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আইএস-এর কোন কার্যকলাপ নেই। দেশকে অকার্যকর করার জন্যই আইএস এর নাম ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে।
শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোন একটা ঘটনা ঘটলেই ৫ মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় একটি বার্তা চলে যায়। তখন আমেরিকার সাইট নামক প্রতিষ্ঠান বলে এটা আইএস করেছে। আইএস নামে কোন সংগঠন বাংলাদেশে নেই। তাদের কোন অস্তিত্ব বাংলাদেশে নেই। আইএসের নাম দিয়ে আমাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদের অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে।
কামরুল ইসলাম
জঙ্গিবাদের অস্তিত্বের কথা বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, আপনারা উপলব্ধিও করতে পারবেন না যে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। যারা বিভিন্ন দেশে জঙ্গিদের জন্ম দেয়, আইএসের জন্মদাতা আমেরিকা, জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা। আজকে তারাই বিভিন্ন দেশে মার খাচ্ছে। তারা বলছে, জঙ্গি দমনে বাংলাদেশের সাথে আছি, এটা নতুন ষড়যন্ত্র। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে কোনভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে।
রাশেদ খান মেনন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কিছু মানুষ রয়েছে যারা রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। অথচ বাংলাদেশ আমেরিকার চেয়ে নিরাপদ একটি রাষ্ট্র।
শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা আয়োজিত কাস্টমার সাক্সেস সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।























































