আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রতীকে বিএনপির অংশগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে বলে মনে করছে বিএনপি নেতৃবৃন্দ। এ ছাড়া জনমত তৈরিতে এ নির্বাচনকে আন্দোলনের জন্য ‘নতুন প্ল্যাটর্ফম’ হিসেবে দেখছেন বিএনপির নেতা-কর্মীরা।
পৌরসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। চূড়ান্ত প্রার্থীদের তালিকা মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের কাছে হস্তান্তর করা হবে। প্রার্থীরা কাল বুধবার নিজ নিজ জেলার নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেবেন।
বিএনপির সহ প্রচার সম্পাদক ও প্রার্থী বাচাই কমিটির সদস্য এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিএনপির ১১ হাজার নেতাকর্মী গ্রেপ্তারের ফলে অনেকেই প্রার্থী হতে পারছেন না অনেকে আছেন আত্মগোপনে। তাদের আশঙ্কা কেন্দ্র দখল নিয়ে ভোট ডাকাতি করে বিএনপিকে হারিয়ে দিতে পারে।
এজন্যই পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকারবিরোধী আন্দোলনের কথা ভাবছে বিএনপি। সেই প্রস্তুতি নিয়ে সামনে এগুচ্ছে দলটি।
বিগত সিটি করপোরেশন নির্বাচনের কয়েক ঘন্টার মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। এবারের পৌরসভা নির্বাচনে একই অবস্থা হয় কিনা, খোদ বিএনপির মধ্যে এসব নেতিবাচক কথাবার্তা প্রধান্য পাচ্ছে।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন, আমাদের দাবিকে গুরুত্ব দেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কথাবার্তায় মনে হচ্ছে কমিশনও চায় বিএনপি নির্বাচনে অংশ না নিক। কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে চলছে অভিযোগ করে এই নেতারা বলেন, এরপরও বিএনপি ও জোট নির্বাচনে অংশ নেবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে বিএনপির দলীয় প্রার্থী বিজয়ী হবে।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির দলীয় সব প্রার্থীই বিজয়ী হতো। বিএনপির অপর এক নেতা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে যদি সরকার ক্ষমতার জোরে ভোটারদের কেন্দ্রে যেতে না দেয়, তখন আন্দোলনের নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে। বিএনপির আন্দোলনের জন্য তখন মানুষ অপেক্ষা করবে না। দেশের সাধারণ মানুষই আন্দোলন গড়ে তুলবে।
পৌরসভা নির্বাচনে বিজয়ের ফসল ঘরে তুলতে নানামুখী কৌশল নিয়ে এগুচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে সরকারকে চাপে রেখে সুবিধা আদায় করতে ইতোমধ্যেই কিছু শর্ত দিয়েছে দলটি। আর এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় রাজনৈতিকভাবে ঝিমিয়ে পড়া বিএনপি। এদিকে বাহ্যিক দৃষ্টিতে বিএনপির রাজনৈতিক কর্মকান্ড চোখে না পড়লেও ভেতরে ভেতরে তৃণমূল পর্যায় থেকে খোঁজখবর নিয়ে বেশ আগে থেকেই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলটি প্রার্থী বাছাই শুরু করেছে। প্রার্থীও অনেকাটা চূড়ান্ত করে ফেলেছে। আজ ঘোষণাও হতে পারে। ২৩৬ পৌরনির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মনোনয়নের জন্য লবিং করছেন ৪৫০ জন। এদের মধ্য থেকেই শনিবার রাতে প্রার্থমিক ভাবে চূড়ান্ত করা হয় একক তালিকা।
বিএনপি পৌরসভা নির্বাচনকে সরকার ও নির্বাচন কমিশনের জন্য টেস্ট কেস হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব.)আ স ম হান্নান শাহ। তিনি বলেন, সরকার এবং নির্বাচন কমিশনকে একটি চান্স দিচ্ছে যেন দেশবাসির প্রত্যাশা এবং সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করে। আর যদি না করে তবে তারা অতীতের মতো বিতর্কিত হবে এবং সরকারের মরণঘন্টা বেজে যাবে।
সোমবার দুপুরে ২০০৭ সালে গাজীপুরের কাপাসিয়া থানার একটি মারামারি মামলায় গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেন, নিজ নিজ এলাকায় যারা অত্যন্ত জনপ্রিয় প্রার্থী,তাদের কেই আমরা প্রার্থী হিসেবে নির্বাচিত করব। জনগণ যেন তাদের কে অত্যন্ত সুন্দর ভাবে গ্রহণ করে এবং আমাদের জনপ্রিয় নেতারাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে।
বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমানে জনপ্রিয় আছেন যারা তারা যদি কারাগারে থাকেন এবং তিনি যদি ইচ্ছা প্রকাশ করেন যে তিনি নির্বাচন করবেন, সে ক্ষেত্রে তার ব্যাপারটিও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনপ্রিয় ব্যক্তির আইন গত সমস্যা বা তিনি ব্যক্তিগত ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে না চায়, সে ক্ষেত্রে তার পরবর্তী যার জনসমর্থন আছে তাকেই মনোনীত করা হবে।
নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলের নেতা ও হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি সামাজিক কর্মক-কেও বিবেচনায় নিচ্ছি। এরশাদ বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা আল্লাহই জানেন। তবে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে মানুষ আওয়ামী লীগের অতীত সব অপকর্ম ভুলে যাবে।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে ধন্যবাদ। কিন্তু নির্বাচনে অংশ নিয়ে বিএনপি আবার মাঝপথে যেনো সরে না যায়। বিগত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও জোটের সমর্থিত প্রার্থীরা অংশ নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে। কিন্তু নির্বাচনে তাদের প্রার্থীর পরাজয় হচ্ছে বুঝতে পেরেই নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা পর দুপুর বারোটার দিকে নির্বাচন বর্জন করে।























































