বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জঙ্গি হামলার পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৫

Intelligence

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি বাংলাদেশে ধারাবাহিক জঙ্গি হামলার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা দায়ী বলে মনে করছে দেশের তদন্তকারী সংস্থাগুলো।

বিদেশি ওই গোয়েন্দা সংস্থাটি দেশের একটি ইসলামী চরমপন্থী সংগঠনকে ব্যবহার করে এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থা ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি শিয়াদের হোসেনি দালান হামলার ঘটনাটি ওই বিদেশি সংস্থার নির্দেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ঘটিয়েছে বলেও তিনি জানান।

ডিবি সূত্র জানায়, নিশ্চিতভাবেই বিদেশি ওই গোয়েন্দা সংস্থাটি এ হামলার পেছনে জড়িত। অন্যান্য গোষ্ঠির জড়িত থাকার বিষয়ও তদন্ত করেদেখা হচ্ছে।

গত রাতে চার জেএমবি সদস্যকে গ্রেফতারের পর তাদের মোবাইল ফোন রেকর্ড অনুসন্ধান করে তাদের সাথে বিদেশি গোয়েন্দা সংস্থার জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে।

গ্রেফতারকৃত ওই চার জেএমবি সদস্য হলো, মো. ইদ্রিস শেখ, মো. মকবুল শরীফ, মো. সালাম এবং মো.মোস্তফা জামান।

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘খিলগাঁও এবং বিমান বন্দর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জিহাদি লেকচার, ভারতীয়, পাকিস্তানি ও বাহরাইনের মুদ্রা, একটি গোয়েন্দা মোবাইল এবং দুইটি পাকিস্তানি ও একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।’

তিনি জানান, জেএমবির ওই সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য তাদের গোয়েন্দা ফোনটি ব্যবহার করে। তারা কথা বলার সময় তাদের কথোপোকথনের একটি কপি বিদেশি ওই গোয়েন্দা সংস্থাটির কাছে চলে যায়।

মনিরুল ইসলাম আরো বলেন, ‘ইদ্রিস শেখ তার মোবাইল ফোন ব্যবহার করে বিদেশি একটি দূতাবাসের একজন নারী কর্মকর্তার সাথে যোগাযোগ করার প্রমাণ পাওয়া গেছে।’

তবে ওই বিদেশি সংস্থা এবং ওই বিদেশি দূতাবাসের নাম প্রকাশ করতে অস্বীকার করেছেন মনিরুল ইসলাম।

১৯৯০ সালে এক পাকিস্তানী নারীকে বিবাহ করার পর ইদ্রিস পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে। ১৯৮৫ সালে দালালদের সহায়তায় সে ভারত হয়ে পাকিস্তানে যায়।

২০০২ সালে সে ‘পাক মুসলিম অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের প্রার্থী হিসেবে পাকিস্তানে নির্বাচনে অংশ নেয় এবং পরাজিত হয়। ২০০৭ সালে সে বাংলাদেশে ফিরে আসে।

এরপর থেকে জেএমবিতে কাজ করতে শুরু করে ইদ্রিস। এছাড়া বাকি দুইজনের মধ্যে একজন মো. সালাম ঢাকার একটি বিহারী ক্যাম্পে বাস করে এবং আরেকজন মো. মোস্তফা পাকিস্তান আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারি ট্রাফিক ইনসপেক্টর হিসেবে কাজ করত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি