আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বিএনপি প্রার্থী চূড়ান্ত করলেও, শরিক দলের সঙ্গে আলোচনা করে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। পৌর নির্বাচনেও তাদের বিদ্রোহী প্রার্থী থাকছে। আত্মগোপনে থেকে প্রচারণা চালাতে না পারলে মাঠে থাকা বিদ্রোহী প্রার্থীকেও শেষমেষ সমর্থন দিতে পারে তারা।
অন্যদিকে আওয়ামী লীগে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই অনেকে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। অনেকে জায়গার একাদিক বিদ্রোহী প্রার্থীর খবর পাওয়া গেছে। আর বিদ্রোহী প্রার্থী রোধে দলের হাইকমান্ড রয়েছে সতর্ক।
এদিকে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান নির্বাচন কমিশনকে অক্ষম, নতজানু ও মেরুদ-হীন বলে আখ্যায়িত করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জমান রিপন। তিনি বলেছেন, গ্রেপ্তার বন্ধ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে যেসব অনিয়ম হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
অতীতের অনিয়মের ওই সব ঘটনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমরা অনেক নির্বাচন করেছি। আগের নির্বাচনগুলো অধিকাংশই সুষ্ঠু হয়েছে, কিছু অনিয়মের কথা আমরাও স্বীকার করেছি। এগুলোর অভিজ্ঞতা নিয়েই এবার অনিয়ম করলে কোনো ছাড় দেব না।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দিন বৈঠকের পর ২৩৫ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দলটির স্থানীয় সরকার/পৌরসভা মনোনয়ন বোর্ড। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরসম্বলিত তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে নৌকা প্রতীক বরাদ্দ চেয়ে।
প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তা প্রার্থীদের জানান সাত বিভাগের সাংগঠনিক সম্পাদকরা। এ সময় প্রার্থীদের হাতে দলের মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।
দলীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সর্বশেষ সভায় সংগঠনের তৃণমূলের নেতাদের দায়িত্ব দেওয়া হয় প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য। তবে তৃণমূলের নেতারা অর্ধশতাধিক পৌরসভায় একক প্রার্থী মনোনীত করতে ব্যর্থ হন। তাঁরা একাধিক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠান।
এসব প্রার্থীর মধ্যে থেকে মনোনয়ন বোর্ড একক প্রার্থী চূড়ান্ত করে। আবার অনেক পৌরসভায় তৃণমূল থেকে একক প্রার্থীর নাম পাঠানো হলেও মনোনয়ন বোর্ড তা বদলে দেয়। এ ক্ষেত্রে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের তত্ত্বাবধানে পরিচালিত একাধিক জরিপের ফল ও বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদন বিবেচনায় নেওয়া হয়।
দলীয় সূত্রগুলো জানায়, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যরা বেশ প্রভাব বিস্তার করেছেন। অনেক পৌরসভায় সংসদ সদস্যদের আত্মীয়রা মনোনয়ন পেয়েছেন। অনেক পৌরসভায় জেলা কিংবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মনোনয়ন পেয়েছেন। আবার উল্টো চিত্রও আছে, তৃণমূল থেকে প্রস্তাব পাঠানো জেলা বা উপজেলার গুরুত্বপূর্ণ পদধারী অনেক নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি।
আর বুধবার সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে পৌর নির্বাচন সমন্বয় কমিটি মনোনীত প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণের কাজ শুরু করে। এতে স্বাক্ষর করেছেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। দলের সমন্বয় কমিটির সদস্য ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, সন্ধ্যার পর ঢাকা বিভাগের বাইরের এলাকার প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া হয়।
মোহাম্মদ শাহজাহান গত রাতে জানান, পৌর নির্বাচনে বিএনপি তার শরিকদের নিয়ে অংশ নেবে। তবে শরিকদের কতগুলো পৌরসভা দেওয়া হবে তা জানতে মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। জামায়াত ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা জানতে ৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। জামায়াতের নিজস্ব রাজনীতি আছে। তাদের কী কৌশল হবে, কী প্রক্রিয়ায় তারা নির্বাচনে অংশ নেবে, সেটা তাদের ভাবতে দেওয়া উচিত বলে আমি মনে করি।’
২৩৫ পৌরসভার আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে ৯৬ জনকে এবং বিএনপির মনোনয়ন ১২১ জনকে।
























































