সেলিম চৌধুরী হিরা।।
কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পার্টি নিজ নিজ দলের একক প্রার্থীতা ঘোষনা করেছেন।
ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক তরুন নেতা প্রফেসর আবুল খায়ের। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি নিখোঁজ হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার এবং জাতীয়পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মোখলেছুর রহমান। নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ প্রার্থী ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে গেলেও বিএনপি ও জাতীয়পার্টি মেয়র প্রার্থীদের প্রচার প্রচারনা তেমন চোখে পড়েনি।
বর্তমান মেয়র আলহাজ্ব মফিজুর রহমান স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মূলত লাকসাম পৌরসভায় আ’লীগ, বিএনপি ও বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে স্থানীয়রা ধারণা করছেন।
ক্ষমতাসীন আওয়ামীলীগ লাকসাম পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করায় পৌরবাসী তাদের দলীয় প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করবেন বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন।
অপরদিকে ২০১৩ সালে র্যাবের হাতে অপহৃত পৌর বিএনপির সভাপতি নিখোঁজ হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার দলীয় মনোনয়ন পাওয়ায় দলের নেতাকর্মীরা উচ্ছাসিত। পৌর এলাকায় বিএনপির ব্যাপক জনপ্রিয়তা থাকায় সুষ্ঠ নির্বাচন হলে বিএনপির মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যাক্ত করেছেন।
জাতীয়পার্টি অস্তিত্ব সংকটে ও অর্ন্তকোন্দলে জড়িয়ে পড়ায় দলীয় নেতাকর্মীদের অধিকাংশ ভোট আওয়ামীলীগ ও বিএনপির ভোট বাক্সে যাবে বলে অনেকেই মনে করছেন।


















































