স্বাধীনতার ৪৪ বছরেও মেলেনি জয়পুরহাটের এক অসহায় বীরাঙ্গনার স্বীকৃতি। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করাই ছিল তার বড় অপরাধ। ক্যাম্পে নিয়ে হানাদাররা তার ওপর দিনের পর দিন চালিয়েছে পাশবিক নির্যাতন। স্বাধীনতা পরবর্তীতে স্বামী পরিত্যাক্তা ও নিঃসন্তান এই বৃদ্ধার এখন জীবন চলছে অন্যের দয়া-দক্ষিনায়।
জয়পুরহাটের খঞ্জনপুর গ্রামের জাহানারা বেগম। স্থানীয়রা তাকে চিনেন বীরাঙ্গনা হিসেবেই। তবে সরকারি স্বীকৃতি মিলেনি আজও। মুক্তিযোদ্ধাদের সহযোগিতার অপরাধে তাকে তুলে নিয়ে যায় হানাদাররা। চালায় পাশবিক নির্যাতন।
যুদ্ধের শেষ দিকে মুক্তিযোদ্ধারা জাহানারাকে উদ্ধার করলেও, তাকে ছেড়ে দেন স্বামী । শিকার হন নানা সামাজিক বঞ্চনার। এক সময় দিশেহারা জাহানারা হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। কখনো হাসি, কখনো কান্না আবার কখনো বা গান, এভাবেই চলে জাহানারার জীবন।
স্বাধীনতার ৪৪ বছর পরও মেলেনি রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি। মাথা গোঁজার ঠাঁই তো দূরের কথা, দু’বেলা খাবারও জোটে না তার। এলাকাবাসীরা দাবী জানান, তার বীরাঙ্গনার স্বীকৃতিসহ সরাকারী সহযোগীতার।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, বীরাঙ্গনার স্বীকৃতির জন্য সরকারের কাছে বারবার দাবি জানালেও কোন সাড়া মেলেনি। স্বাধীন হওয়ার প্রবল আকাক্সখায় মূল্যবান ৪৪টি বছর হারিয়েও জাহানার পাননি স্বাধীনতার স্বাদ। তবুও জাতীয় সঙ্গীতের সুরে এখনো আপ্লুত হন এই মুক্তিযোদ্ধা। জীবনের এই শেষ বেলায় এসে জাহানারা যেন তারা যোগ্য মর্যাদাটুকু পান, এমনাটাই প্রত্যাশা জয়পুরহাটের সাধারণ মানুষের।


























































