সেরা নাচিয়ে’- শুক্লা সরকার, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মিনু হক ও দীপা খন্দকার চারজনই মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় ছিলেন ভারতে। সেখানে মুক্তিযোদ্ধা আর শরণার্থীদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরেছেন, তাঁদের উজ্জীবিত করেছেন, অর্থ সংগ্রহ করেছেন মুক্তিযোদ্ধাদের জন্য। এ ছাড়া আরও নানা ভূমিকা ছিল তাঁদের। বিজয়ের ৪৪ বছর পর এবার তাঁদের একসঙ্গে পাওয়া গেল একই মঞ্চে। ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানে গতকাল সোমবার অংশ নিয়েছেন তাঁরা। এই পর্বটি চ্যানেল আইয়ে দেখানো হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
অনুষ্ঠান ধারণ শেষে গত সন্ধ্যায় কথা হলো এই চার নৃত্যশিল্পীর সঙ্গে। শর্মিলা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মুক্তিযুদ্ধের কথা কখনো আলাদা করে বলা হয় না। চ্যানেল আই সে সুযোগ করে দিয়েছে। নাচ নিয়ে এ সময়ের ছেলেমেয়েরা কিন্তু অনেক কাজ করছে। নাচ একটি নান্দনিক ব্যাপার। আমি সবাইকে বলেছি, নতুন কিছু করতে গিয়ে যেন নাচ থেকে নান্দনিকতা হারিয়ে না যায়।’ শুক্লা সরকার বলেন, ‘আমি যে একজন মুক্তিযোদ্ধা, এ কথা অনেকেই জানে না। বলাও হয় না। এমন অনুষ্ঠানে এবারই প্রথম এসেছি।’
নিজের ভালো লাগার কথা প্রকাশ করে মিনু হক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই ভারতে ছিলাম। ৪৪ বছর পর এবারই প্রথম একসঙ্গে মুক্তিযোদ্ধা পরিচয়ে মঞ্চে এসেছি। খুব ভালো লাগছে।’ দীপা খন্দকারের ভাষায়, ‘আমি কিন্তু আগে কখনো গান করিনি। কিন্তু ওই সময় ক্যাম্পে ক্যাম্পে গান করেছি, নাচ করেছি, নাটক করেছি। আজ এত বছর পর এগুলো বলতে পেরে দারুণ অনুভূতি কাজ করছে।’
‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘আমরা তো সব সময় মুক্তিযুদ্ধে অবদান রাখা গানের শিল্পীদেরই সামনে দেখি। কিন্তু ওই সময় আজকের এই নৃত্যশিল্পীদেরও উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই অনুষ্ঠানে এসে তাঁরা স্মৃতিচারণা করতে গিয়ে অনেক কথা বলেছেন, যা আগে কখনো শোনা যায়নি। অনুষ্ঠানে তাঁরা নাচও করেছেন। আশা করছি, অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবেন।


























































