দৌলতপুর সীমান্তে গ্রামপুলিশসহ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
সোমবার রাত ১টার দিকে উপজেলার চরচিলমারী সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার গ্রাম পুলিশ আলাউদ্দিন (৩০) ও একই এলাকার দুলালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে দৌলতপুর থানা পুলিশের সঙ্গে সীমান্ত সংলগ্ন গ্রামে অভিযানে যায়। গভীর রাতে অসাবধান বসত মোটরসাইকেল নিয়ে সমতল সীমান্তের ৮৫/১২(আর) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানসল্যান্ড অতিক্রম করে তারা ভারত ভূখন্ডে প্রবেশ করে। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে ক্যাম্পে নেয়। বিএসএফ’র হাতে গ্রামপুলিশসহ দু’জন বাংলাদেশি আটকের খবর পেয়ে এবং তাদের ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রেরণ করেছে বিজিবি।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক নায়েক সুবেদার জাকির হোসেন জানান, বিএসএফ’র হাতে আটক গ্রামপুলিশসহ দু’জন বাংলাদেশিকে ফেরত চেয়ে ভারতের জলঙ্গী বিএসএফ ক্যাম্পে পত্র প্রেরণ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়ার সম্ভাবনা রয়েছে।


























































