শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি: খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৫

image_145508

ডেস্ক রিপোর্টঃ

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, “আওয়ামী লীগ যতই জরিপ করুক লাভ হবে না। মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য বসে আছে। অবাধ নির্বাচন হলে ৮০ ভাগের বেশি ভোট পেয়ে ধানের শীষ বিজয়ী হবে। আওয়ামী লীগের ভরাডুবি হবে।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের একাংশ) দ্বি-বার্ষিক কাউন্সিলে যোগ দিয়ে রোববার দুপুরে এসব কথা বলেন খালেদা। বেলা পৌনে ১টার দিকে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি উপস্থিত হন।
খালেদা অভিযোগ করেন, “এই সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে গণমাধ্যমকে অবরুদ্ধ করে ফেলেছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর সেটি আরো ভয়াবহ হয়েছে। বিভিন্ন কালাকানুন করে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যে আমার দেশ, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি বন্ধ করে দেয়া হয়েছে। একুশে টিভির চেয়ারম্যানকে বন্দী রেখে কৌশলে চ্যানেলটি দখল করে নিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। এর প্রতিবাদ করায় আপনাদের নেতা শওকত মাহমুদকে জেলে বন্দী করা হয়েছে।”

খালেদা বলেন, “সকল মিডিয়া খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি। শওকত মাহমুদ, মাহমুদুর রহমান ও একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামের মুক্তি দাবি করছি।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি