সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার আন্দোলন নয় কৌশল পরিবর্তন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৫

14355619731
ডেস্ক রিপোর্ট :

আগামী ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি তবে এবার এই দিনকে সামনে রেখে রাজপথের আন্দোলনে যাচ্ছে না বিএনপি।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, দলের পূর্ণ মনোযোগ এখন পৌরসভার  ভোটকেন্দ্রিক। পৌরসভা নির্বাচনের ক্ষেত্রেও ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো ‘পরিস্থিতি’ হলে ভোটের পর কিছু কর্মসূচি দেয়া হবে। সেই কর্মসূচি হবে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে। যেই কর্মসূচিকে সমন্বয় করা হতে পারে ৫ জানুয়ারির সঙ্গে। এতে একদিকে যেমন ইসি’র বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দেয়া হবে, একইসঙ্গে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের প্রতিবাদ কর্মসূচিও পালন করা হবে। আর যদি পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয় সেক্ষেত্রে ৫ জানুয়ারি সারাদেশে শুধু বিক্ষোভ কর্মসূচি দেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কৌশলে এবার পরিবর্তন আনা হচ্ছে। পৌরসভা নির্বাচনের পরিবেশ নিজেদের ‘অসহনীয় প্রতিকূলে’ মনে হলেও এবার মাঝপথ বা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মত কোনো সিদ্ধান্ত নেই। যেমনটি হয়েছিল তিন সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রে। বরং পৌর ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে থাকার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। ভোটে ‘ব্যাপক অনিয়ম’ হলে ইসির বিরুদ্ধে কর্মসূচি দেয়া হবে-এখন পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের এরকম সিদ্ধান্তই বহাল।

বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, পৌর ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ইসির বিরুদ্ধে আন্দোলনে যাবে বিএনপি। সেই আন্দোলন সরকারের বিরুদ্ধে হবে না। এবার আগে ইসির বিরুদ্ধে আন্দোলনে নেমে পরবর্তীতে অন্যকিছু ভাবা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, এবার যত বাধা-ই আসুক ভোটের মাঝপথ থেকে সরবে না বিএনপি। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত উপস্থিত থেকে কেন্দ্র পাহারা দেয়ার জন্যও দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রথম বর্ষপূর্তিকে ঘিরে চলতি বছরের ৬ জানুয়ারি থেকে টানা ৯২ দিন অবরোধ ছাড়াও মাঝে-মধ্যে বিরতি দিয়ে এই সময়ে বেশিরভাগ দিনেই হরতালও ডেকেছিল দলটি। শেষপর্যন্ত ‘ফলশূন্য’ বা কোনো ‘অর্জন’ ছাড়াই অকার্যকর হয়ে পড়েছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টিকারী লাগাতার ওই অবরোধ কর্মসূচি। গত ২৩ ডিসেম্বর কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ৫ জানুয়ারিকে ঘিরে আন্দোলনের কর্মসূচি দেয়া হচ্ছে না। ওই আন্দোলনের অভিজ্ঞতা, ওই আন্দোলনের কারণে অসংখ্য নেতা-কর্মীর জেলে যাওয়া ও তাদের বিরুদ্ধে শত-শত মামলা হওয়া, উদ্ভুত রাজনৈতিক বাস্তবতা ও ভূ-রাজনীতির গতিপ্রকৃতি এবং এক ধরনের ‘কৌশলের’ অংশ হিসেবে এবার আর তেমন কোনো কর্মসূচি দেয়ার চিন্তা-ভাবনা নেই দলটির শীর্ষ নেতৃত্বের। ওই বৈঠকে দলের প্রতিনিধিত্বকারী বিএনপির দু’জন নেতা গতকাল শনিবার  জানান, বৈঠকে দু’জন কূটনীতিক জানতে চেয়েছিলেন ‘এবার ৫ জানুয়ারিকে কেন্দ্র করে বিএনপি কোনো আন্দোলনে যাচ্ছে কিনা, গেলে কি ধরনের কর্মসূচি দেয়া হতে পারে’। জবাবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের নামে ভোটারবিহীন প্রহসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলমান। তবে আগামী ৫ জানুয়ারি ঘিরে এ বছরের মতো কর্মসূচিতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেই। ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে কোনো কর্মসূচি দেয়া হলেও সেটি হবে শান্তিপূর্ণ ও সংক্ষিপ্ত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি