বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিপরীত অবস্থানে আ.লীগ-বিএনপি


মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিপরীত অবস্থানে আ.লীগ-বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৫

download-128
ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়ার বক্তব্যকে সমর্থন জানিয়ে ‘জরিপ’ করে ‘সঠিক সংখ্যা’ নিরূপণ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আর দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদের সংখ্যা নিয়ে তথ্যে ‘ঘাটতি থাকায়’ আওয়ামী বুদ্ধিজীবীরা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করছেন।

গত ২১ ডিসেম্বর এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, ‘আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।’

এর পরপরই, নড়াইলে খালেদার নামে একটি মামলা রুজু করা হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ইতোমধ্যেই বেগম জিয়ার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়ে তার বক্তব্য প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট বারের আওয়ামীপন্থী আইনজীবি মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

প্রধানমন্ত্রীর পূত্র ও উপদেষ্টা সাজিব ওয়াজেদ জয় আরো একধাপ এগিয়ে তার ফেসবুকে সবাইকে ‘খালেদার বাড়ির সামনে প্রতিবাদ জানাতে’ আহবান জানিয়েছেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল। তিনি মনে করেন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত একটি পরিসংখানের বিষয়ে নতুন করে অনুসন্ধানেরও কোনো প্রয়োজন নেই।

খালেদার বক্তব্য নিয়ে বিভিন্ন পর্যায়ে তীব্র প্রতিক্রিয়ায় মধ্যেই শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির দুই নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও রিজভী আহমেদ একই রকম বক্তব্য তুলে ধরেন।

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে দলীয় প্রধান খালেদা জিয়ার বক্তব্যের সমর্থনে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘বেগম খালেদা জিয়া শহিদদের সংখ্যা কমও বলেননি, বেশিও বলেননি। বলেছেন সংখ্যা নিয়ে বিতর্ক আছে। এই বিতর্কের কথাটা কিন্তু পার্লামেন্টে উঠেছিল ১৯৯১ সালে। পালার্মেন্ট সদস্য প্রয়াত কর্নেল আকবর হোসেন প্রশ্নটা উত্থাপন করেছিলেন।’

গয়েশ্বর বলেন, আমরা জানি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে তিন লাখ ৭৬ হাজার পরিবারের তালিকা আছে। বাকি ২৭ লাখ কোথায়? ২৭ লাখ তো সহজ ব্যাপার না।

যাচাই-বাছাই ছাড়া মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লাখ বলার সমালোচনা করে বিএনপি নেতা গয়েশ্বর এ সংখ্যাটি তথ্যভিত্তিক করতে সরকারকে পদক্ষেপ গ্রহনের পরামর্শ দেন।

রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তার উল্লেখিত সংখ্যাটি তথ্যনির্ভর অফিসিয়াল বক্তব্য ছিল না। কোনো এক সাক্ষাৎকারে তিনি বলে বসেছেন।

রিজভী আহমেদ উল্লেখ করেন- মুজিব-অনুসারী এম আর আক্তার মুকুল তার ‘আমি বিজয় দেখেছি’ বইতে শহীদের সংখ্যা বলেছেন দুই লাখের মতো। ‘৭০ সালে আওয়ামী লীগের এমপি ছিলেন মোহাইমেন সাহেব। তিনি বলেছেন, প্রায় এক লক্ষ ৩০ বা ৪০ হাজার শহীদ হয়েছেন। অতএব মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে, এটা তো সত্যি! আইআরআইবি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি