দেশীয় প্রযুক্তিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদেশী বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে তৈরি ইমপ্যাক্ট গ্রেনেড দিয়ে সারাদেশে হামলা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি।
মূলত যথাযথ তদারকি না থাকায় শিল্পকারখানার কাঁচামাল হিসেবে আমদানি করা বিস্ফোরক কালোবাজার থেকে কিনছে জঙ্গিরা। এ অবস্থায় বিস্ফোরক আমদানিকারকদের নজরদারিতে আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।
বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গোপন নথিপত্র এবং বিস্ফারিত বোমার আলামত পরীক্ষার পর আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত জঙ্গি সংগঠন জে এম বি বর্তমানে ইমপ্যাক্ট, ফ্রাগেমন্টেশন এবং পাইপ নামে তিন ধরণের বোমা তৈরি করছে।
এর মধ্যে উপকরণ সহজলভ্য হওয়ায় ইমপ্যাক্ট গ্রেনেড তৈরি ও ব্যবহার করছে সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় ব্যবহৃত সবগুলোই ইমপ্যাক্ট গ্রেনেড।
উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক মূলত শিল্প কারখানার কাঁচামাল হিসেবে আমদানি করা হলেও যথাযথ তদারকির অভাবে তা অন্যদের হাতে চলে যাচ্ছে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী নেতা।
গ্রেফতারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জে এম বি’তে অন্তত ১০ থেকে ১৫ জন বোমা তৈরির কারিগর রয়েছে।
আর এদের সবাইকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছে ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া বোমা মিজান।























































