নিজস্ব প্রতিবেদক :
পৌর নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার সমর্থকরা বিএনপির প্রার্থীর ওপর হামলা করছে। জনগনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য প্রায় ৬ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, দেশের জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে। এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা উন্নয়নের নামে লুটপাট করছে। রাষ্ট্রীয় তহবিল ফাঁকা করছে।
পৌর নির্বাচনে দুর্নীতি করে ফলাফল ওলট-পালট করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যতো হুমকিই আসুক নির্বাচন বর্জন করবে না বিএনপি। পৌর নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, কৃষকরা এখন অসহায়, ধানের দাম বাড়ছে না। একমাত্র জিয়াউর রহমানই কৃষকদের উন্নয়নে কাজ করেছিলেন বলেও মন্তব্য করেন ফখরুল।
‘ক্ষমতাসীনরা ভেবেছিল বিএনপি নির্বাচনে আসবে না। তারা এককভাবে নির্বাচন করে জনপ্রিয়তা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে নির্বাচনে এসেছি এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা মাঠে থাকবো।’
কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দল নেতা তকদীর হোসেন জসীম ও নাজিমুদ্দীন মাস্টার প্রমুখ।























































