ডেস্ক রিপোর্ট :
সরকারী দল সহিংসতা তান্ডব এবং প্রশাসনের সহযোগীতায় ১৫৭টি পৌরসভার কোথাও সব কেন্দ্র ও কোথাও আংশিক ও কোথাও আংশিকের একটু বেশি কেন্দ্র দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার নয়াপল্টন কার্যালয়ে ৩য় দফা সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
বিএনপি প্রার্থীদের ভোট বর্জন সম্পর্কে তিনি বলেন, কোন কোন যায়গা থেকে নির্বাচন বর্জন করার সিন্ধান্ত আসার পর কেন্দ্র থেকে তাদেরকে নির্বাচন বর্জন না করে যে সমস্ত কেন্দ্র সহিংসতা হয়েছে এবং কেন্দ্র দখল করে নেয়া হয়েছে সেই সমস্ত অভিযোগ রিটানিং অফিসারের কাছে জমা দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ও সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতো তাহলে সাতকানিয়ায় যুবদল নেতা সরকারের সন্ত্রাসীদের দ্বারা নিহত হতেন না।
তিনি বলেন, নির্বাচন কমিশন প্লাস্টিকের মেরুদন্ড নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তারা নিজেদের চাকরি ও বেতনের মায়া ত্যাগ করতে না পেরে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনে পরিনত হয়েছে। যে কারণে এই পৌর নির্বাচন রক্তপাত ও সহিংসতা উপহার দিয়েছেন।
























































