ডেস্ক রিপোর্টঃ
রাজধানীতে আগামী ৫ জানুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি। এরই লক্ষ্যে ইতিমধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)তে আবেদনও করেছে দলটি। সমাবেশের অনুমোতির জন্য সোহরাওয়ার্দী উদ্যানের কথা উল্লেখ করা হয়েছে। আর সরকারের পক্ষ থেকে সমাবেশের অনুমোতি না মিললে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেবে বিএনপি।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের অনুমোতি চেয়ে বিএনপির করা আবেদনের পর শীর্ষ নেতারা বলছেন, অনুমোতি না পেলে আমরা আমাদের সমাবেশ কর্মসূচিকে বেগবান করে তুলবো। দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে দেবো।
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও সমাবেশের অনুমোতি চেয়ে ডিএমপিতে চিঠি দেওয়ার বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন বর্জন করেছিল বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল। ওই দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। তবে ২০১৫ সালের ৫ জানুয়ারিতেও দলটি রাজধানীসহ দেশব্যাপী কোন সমাবেশ করতে পারেনি। বিএনপি সমাবেশের ডাক দিলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ৩রা জানুয়ারি রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান তার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। ওই রাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
৫ই জানুয়ারি গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর সারা দেশে সহিংসতায় প্রায় শতাধিক লোক নিহত হয়। প্রায় তিন মাস পর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে বাসায় ফিরে যান খালেদা জিয়া। তাই এবারও সমাবেশের অনুমোতি বিএনপি পাবে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।


























































