ডেস্ক রিপোর্টঃ
আমি অনন্যা বণিক এবং আমি নিজেকে হিজরা পরিচয় দিতে পছন্দ করি। সমাজের বোঝা নই আমি। যদিও সমাজ আমাকে পছন্দ করে না। আমার সাথে খেতে, আমার সাথে বসতে, কথা বলতে সবই তাদের অপছন্দ। অথচ আমি অবাক হই এরা সবাই নিজেদের শিক্ষিত সমাজের বাসিন্দা বলে পরিচিতি দিতে পছন্দ করে। কিন্তু আমি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি আমি যেখানে আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকানো হবে না। আমাদের সাথে বৈষম্য হবে না। যে দেশে আমরা শিক্ষা, চাকরি এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের অধিকার পাবো।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন, বাংলাদেশেরই এক তৃতীয় লিঙ্গ নারী অনন্যা বণিক, যিনি শুরু থেকেই সমাজকে ভয় না পেয়ে জনসম্মুখে উন্মুক্তভাবেই জীবন যাপন করেছেন।
শিক্ষা জীবন শেষ করে ইতোমধ্যে বেশ কিছু এনজিও সংস্থায় চাকরি করেছেন অনন্যা বণিক। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য শিখেছেন এমনকি বাংলাদেশ টেলিভিশন হিজরাদের জীবনের ওপর অনুষ্ঠান করেছেন। কিন্তু এই উঠে আসার পেছনের গল্পটা এতটা সহজ ছিলো না।
যুদ্ধ পরবর্তী সময়ে অনন্যা যখন একটি ছেলের শারীরিক গঠন নিয়ে উত্তর ময়মনসিংহ জেলায় জন্ম নিয়েছেন, সদ্য প্রসূত বাংলাদেশ তখন নানা সমস্যায় জর্জরিত। বয়ঃসন্ধীকালের সময়টা বেশ অশান্তিতে কেটেছে তার। বিশেষত যখন তিনি অনুভব করতে শুরু করলেন একটি ছেলের শরীরে আটকে পড়েছে চঞ্চলা এক কিশোরী মেয়ের মন। তার শরীর এবং মন যখন পুরোদস্তুর মেয়ের মত হয়ে উঠছিলো- চলনে-বলনে, পোষাকে-আচরণে প্রকাশ পাচ্ছিলো বিষয়গুলো তখন পরিবারের সবাই বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন তাকে নিয়ে। পাড়া প্রতিবেশীরা প্রশ্ন করতে শুরু করলেন তার মাকে। পরিবার এ জটিলতা থেকে মুক্তি পেতে চাইলেও একমাত্র তার মায়ের সমর্থন পেয়েছেন সব কিছুতে। যদিও বাবার মৃত্যুর পর তার ভাইদের জন্য আর সম্ভব হয়ে ওঠে নি তা।
মাত্র ১৬ বছর বয়সে সিদ্ধান্ত নেন স্ব-পরিচয়কে লুকিয়ে রাখবেন না। প্রকাশ্যে নিজেকে হিজরা পরিচয় দেবার এই দুঃসাহসিক সিদ্ধান্ত তার জীবনকে অশান্তিময় করে তুললেও নিজ সিদ্ধান্তে অটল তিনি। এই বয়সেই ঘর ছাড়তে হয় তাকে। যদিও অনন্যা নিজেকে ভাগ্যবান মনে করেন, কারণ এদেশে তার মত অনেককেই আরও অল্প বয়সেই ঘর ছাড়তে হয়। ফলে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েন। দোকানে বা বাসায় গিয়ে চাঁদা দাবি করেন। নতুবা খারাপ ব্যবহার করেন। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষেরাও অনেক সময় ইতিবাচক খবর তৈরি করেন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন ব্লগার হত্যার ঘটনার মধ্যে এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছে লাবণ্য নামের এক তৃতীয় লিঙ্গের নারী। প্রকাশ্যে এক ব্লাগারকে মারার সময়ে খুনীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এই ঘটনার পর সরকার মনে করছেন তাদের ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া উচিৎ।
৪২ বছর বয়সী অনন্যা এখন সমাজে ভালো অবস্থান তৈরি করেছেন যদিও কর্মক্ষেত্রে মর্যাদা নিয়ে চলাফেরার জন্য তাকে এখনও লড়াই করতে হচ্ছে। তার সহকর্মীরা তার সাথে খেতে বসতে পছন্দ করেন না, এমনকি তিনি লিফটে উঠলে কেউ তার সাথে উঠেন না যা তাকে প্রচন্ড পীড়া দেয়। এই অবস্থায় তার বেঁচে থাকার অনুপ্রেরণা তার জীবন সঙ্গী। অনন্যা জানান, তিনি যখন উচ্চ মাধ্যমিকে পড়ছেন তখন এক ভদ্রলোকের সাথে তার পরিচয় হয়। যার সাথে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রণয়। বিশ বছর ধরে তারা একত্রে থাকছেন যদিও সমাজ তাদের স¤পর্ককে মেনে নিতে পারে নি।
অনন্যা বণিক সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষকে স্বীকৃতি দেয়ার জন্য। তবে সরকারীভাবে স্বীকৃতিপ্রাপ্ত হলেও তারা এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পড়ছে। সরকারি হিসেব মতে বাংলাদেশে ১৫হাজার হাজার তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে যদিও বেসরকারি পরিসংখ্যান বলছে এই সংখ্যা দেড় লাখেরও বেশি। এর আগে লিঙ্গের স্বীকৃতি না থাকায় তারা বেঁচে থাকার তাগিদেই কখনো পুরুষ আবার কখনো নারীর পরিচয় ধারণ করতেন। শুধু বঞ্চনা নয়, নির্যাতনেরও শিকার হতেন তারা। এমনকি মৃত্যুর পর তাদের জানাজা বা সৎকার নিয়েও জটিলতা সৃষ্টি হতো।


























































