আমাদের সমাজে ধর্মের নামে অনেক কুসংস্কারের প্রচলন রয়েছে। অনেকে ধর্মে নিষেধ আছে কিংবা এগুলো করলে অমঙ্গল হবে মনে করে করা বা না করা থেকে বিরত থাকেন। এতে ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট হয়। ধর্মে এসব কুসংস্কারের কোন ভিত্তি নেই। এমন কিছু কুসংস্কারও আছে যা রাতে করতে মানা। এগুলো করলে অমঙ্গল হবে তারা মনে করেন। যেমন,
রাতে বাঁশ কাটা যাবে না।
রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না।
রাতে নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটা যাবে না।
রাতে কোনো প্রকার ফল-ফসল তোলা যাবে না ইত্যাদি।
অনেক এলাকার মানুষের মাঝেই এগুলো এবং রাতকেন্দ্রিক এরকম আরো কিছু বিষয়ের প্রচলন রয়েছে। কিন্তু এসব মনগড়া কথা, শরিয়তে এর কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসের কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না। এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো যদি দাফন ইত্যাদি কাজের জন্য রাতেই বাঁশ কাটার প্রয়োজন হয়, তিনি কি তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এরকম অমূলক ধারণার কারণে দেখা যাবে তিনি বেশ চিন্তিত হবেন। তেমনি কারো যদি রাতে গাছ থেকে কোনো ফল বা কোনো সবজি তোলার প্রয়োজন হয়, তাহলে কি তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এসব প্রচলিত কুসংস্কার থেকে বিরত থাকা উচিত।


























































