হরতালের নামে দেশে নাশকতামূলক কর্মকা- বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার দুপুরে রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন হানিফ বলেন, ‘বাংলাদেশে কোনো হরতাল হবে না, এটা পাকিস্তানে হতে পারে। হরতালের নামে কোনো নাশকতা বাংলাদেশের জনগণ বরদাশত করবে না। সরকারও বরদাশত করে না।’
কুখ্যাত আলবদর বাহিনীর প্রধান নিজামীর ফাঁসির রায় বহাল রাখায় সস্তোষ প্রকাশ করেন যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ। তিনি বলেন, ‘এই রায়ের প্রতি আওয়ামী লীগ সন্তুষ্টি প্রকাশ করছে। এর মধ্য দিয়ে বাঙালি জাতি অভিশাপমুক্তির পথে এক ধাপ এগিয়ে যাবে।’
দেশের রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রসঙ্গে হানিফ বলেন, ‘দেশে এখন কোনো সংকট নেই। বরং প্রত্যাশার চেয়ে দেশ এগিয়ে যাচ্ছে। গোটা দেশের মানুষের ওপর সরকার আস্থার জায়গা সৃষ্টি করেছে। সংকট আছে পাকিস্তানে, খালেদার মনে।’
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভা ১০ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি হবে জানিয়ে হানিফ বলেন, ‘একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় পেলেও সত্যিকার অর্থে বাঙলার জনগণ মুক্তির স্বাদ পায়নি। ৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর সেই মুক্তির স্বাদ পায় আপামর জনগণ।’
১০ জানুয়ারি জনসভা করার কথা থাকলেও বিশ্ব ইজতেমা ও ধর্মপ্রাণ মুসল্লিদের আখেরি মোনাজাতের কারণে আওয়ামী লীগের জনসভা হবে ১১ জানুয়ারি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
























































