বিনোদন ডেস্ক :
আমির খান। বলিউডের সবচেয়ে বৈচিত্রময় চরিত্র নিয়ে যিনি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তাই তাকে সিনেমায় চরিত্রের প্রয়োজনে কখনো দেখা যায় ৯৫ কেজি ওজনের এক মধ্য বয়স্ক মানুষে, আবার কখনও ওজন কমিয়ে একেবারে কলেজের তরুণ চরিত্রে! হ্যাঁ, আসন্ন ছবি ‘দঙ্গল’-এ চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে ৯৫ কেজিতে রূপান্তরিত হয়েছিলেন আমির, কিন্তু সেই ছবিতেই চরিত্রের প্রয়োজনেই ওজন কমিয়ে তরুণ হওয়ার কসরত শুরু করে দিয়েছেন তিনি!
জানা গেছে, চরিত্রের প্রয়োজনে নিজের শরীর নিয়ে সবচেয়ে বেশী এক্সপেরিমেন্ট চালান আমির খান। কখনও তাকে দেখা যায় জিমে তৈরি করা এইট প্যাকস অ্যাবসে, আবার মধ্য বয়স্ক কুস্তিগীরের চরিত্রে আবার কখনো একেবারে কলেজে পড়া তরুণের চরিত্রে। ছবির চিত্রনাট্যের চাহিদা মেনে শরীর নিয়ে এমন কসরত করেন আমির খান। গত বছরে শুরু হওয়া ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমির খান ওজন বাড়িয়ে ছিলেন ২৫ কেজিরও ওপরে। দীর্ঘদিন শারীরিক কসরত আর ডাক্তারি পরামর্শে তিনি এমন শরীর প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু একই ছবিতে আবার তাকে তরুণ বয়সেও অভিনয় করতে হবে। আর তাই এরইমধ্যে ডাইট শুরু করে দিয়েছেন এই অভিনেতা।
‘দঙ্গল’ ছবিতে ৫৫ বছর বয়সী কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্র এরইমধ্যে সম্পূর্ণ করেছেন আমির। এবার মহাবীর সিংয়ের তরুণ বয়সের শুটিংয়ের পালা। কিন্তু এরজন্যতো অপেক্ষা করতেই হবে। কারণ আমিরের শরীর তো এখনো সেই ৫৫ বছর বয়সী মহাবীরের শরীর। তাই ডাইট ও মেডিক্যাল সাইন্সের পরামর্শ মত কাজ কঠিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তার পাশে সব সময় পরামর্শদাতা হিসেবে আছেন ডাক্তার বিনোদ ধুরন্দর।
উল্লেখ্য, মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বন করে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন।


























































