শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির ভেতরেই ভাঙ্গার ষড়যন্ত্র হয়েছে !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

all-bnp-lider-400x255

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র এতদিন বাইরে থেকে হচ্ছে বলা হলেও এখন দলের ভেতর থেকেই শুরু হয়েছে। মামলার চাপে কারাগারে থাকা, পলাতক থাকা নেতাদের কয়েকজন স্বাভাবিক জীবন যাপন করতে, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে ও আগামী দিনের নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকারের ইচ্ছেতেই কয়েকজন নেতা এই ব্যাপারে অগ্রসর হচেছন। এই তথ্য মিলেছে বিএনপির হাইকমান্ডের ঘনিষ্ট সূত্র থেকে।
ওই সূত্র জানায়, যে সব নেতা সরকারের চাপে ও প্রলোভনে পড়ে দল ভাঙ্গতে চাইছেন তারা দলের কিছু সংখ্যক নেতার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও অভিযোগ গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন এমন কয়েকজন নেতাকে চিহ্নিত করা হয়েছে। এই ব্যাপারে তারেক রহমানের বিশ্বস্ত যে সব নেতা মাঠে রয়েছেন তারা কাজ করছেন। তারা কাজ করার পর এ ধরনের পাঁচ শীর্ষ নেতার নামও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে পাঠিয়েছেন। ওই নামগুলো পাওয়ার পর তারা বিশ্বস্তদের নিয়ে ভেতরে ভেতরে খোঁজ খবর নিয়েছেন। আরও খোঁজ খবর নিতে বলেছেন।
বিএনপির সূত্র জানায়, বিএনপির হাইকমান্ড বেশ কয়েকজন নেতাকে দায়িত্ব দিয়েছেন দলের যে কোন ধরনের ভাঙ্গনরোধ করানোর জন্য। যারা দল ভাঙ্গতে পারেন এমন নেতাদের উপর নজরদারি করছেন। ওই নেতাদের চলাচল, গতিবিধিও লক্ষ্য রাখছেন, তারা কোথায়, কবে কখন, কার সঙ্গে বৈঠক করছেন, কি কথা বলার চেষ্টা করছেন সেই ব্যাপারেও খোঁজ খবর নিচেছন। ওই সব নেতারা যাতে কোনভাবেই বিএনপির ভেতরে কোন ভাঙ্গন ধরাতে না পারে সেই ব্যাপারে চেষ্টা করছেন।
বেগম খালেদা জিয়া নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন দলের ঐক্য ধরে রাখার জন্য সব একযোগে কাজ করতে হবে। এছাড়াও যেসব নেতারা সমস্যায় রয়েছে তাদেরকে সমাধান করতে হবে। তারেক রহমান ইতোমধ্যে বলে দিয়েছেন মামলার কারণে ও আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন নেতা ও তাদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণও দেওয়ার জন্য বলা হয়েছে।
তারেক রহমানের ঘনিষ্ট একটি সূত্র জানায়, তারেক রহমান ও খালেদা জিয়া দুইজনই জানতে পেরেছেন সরকারের চাপে বিএনপি ভাঙ্গার জন্য সরকারের একটি অংশ ও সরকারের শরিক দলের কয়েকজন নেতা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করছেন। আর এই যোগাযোগের তালিকায় তারা যে সব নেতার নাম এসেছে এরমধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মইন খান, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের নামও রয়েছে। তারা শুক্রবার খবর পেয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন দুইজন শুক্রবার বৈঠকও করেছেন। ওই বৈঠকের ব্যাপারেও তারা তথ্য সংগ্রহ করিয়েছেন। তাদের দুইজনের ব্যাপারেও সতর্ক রয়েছেন তারা।
সূত্র জানায়, মাঠের বেশ কয়েকজন নেতাও তাদের সঙ্গে রয়েছে ও সরকারের শরিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এরমধ্যে কয়েকজন নেতার নাম জেনেছেন। তারা হলেন পঞ্চগড়ের বিএনপি নেতা মাজহার হোসেন, বরিশালের আবুল হোসেন, ফরিদপুরের খইয়াম এছাড়াও নাম এসেছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের। এদেরকে দল ভাঙ্গার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে ও আগামী নির্বাচনে নেওয়ার জন্যও চেষ্টা চলছে।
বিএনপির ওই সূত্র আরো জানায়, বিএনপির স্থায়ী কমিটির নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন সদ্য কারা মুক্তি পেয়েছেন। সরকারের শরিক নেতাদের কয়েকজন তার সঙ্গে আলোচনা করেই তাকে মুক্ত করার ব্যবস্থা করেন। এই জন্য তাকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। তিনি ওই কাজটি করবেন এমন কোন নিশ্চয়তা সত্যিকার অর্থে দিয়েছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের। আর ওই খবর পাওয়ার পরই তিনি কারামুক্ত হওয়ার পর বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে দেখা করার জন্য বলা হয়েছে। তিনি এরপর তার সঙ্গে ওইদিনই জরুরি ভিত্তিতে দেখা করেন।
সূত্র জানায়, খালেদা- মোশাররফ এর মধ্যে কুশল বিনিময়, দুই জনের স্বাস্থ্যের অবস্থারও খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও বৈঠককালে সাম্প্রতিক বিষয় ও বিভিন্ন বিষয় কথা হয়। এরমধ্যে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সকল বাঁধা ও প্রতিকূলতা কাটিয়ে উঠে দলের ঐক্য অটুট রাখা, সরকার ও সরকারের শরিকদলের তরফ থেকে দল ভাঙ্গার যে চেষ্টা হচ্ছে সেই বিষয়েও সতর্ক থাকার কথাও বলে দিয়ে সতর্ক করে দিয়েছেন। তাকে দলকে আরো সুসংগঠিত করার জন্য কাজ করতে বলেছেন।
খালেদা জিয়ার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, তার কাছে খবর রয়েছে সরকারের অংশীদার শরিকদলের কয়েকজন নেতার সঙ্গে খন্দকার মোশাররফ এর খুব ভাল সম্পর্ক রয়েছে। আর সেটা কাজে লাগানো হচ্ছে। এরই অংশ হিসাবে সরকার ও সরকারি দলের কোন নেতা এখনই বিষয়টিতে সম্পৃক্ত হতে চাইছেন না। তারা শরিকদলের নেতাদের দিয়েই কাজটা করাতে চাইছেন। যখন বিএনপির ভাঙ্গন অবশ্যম্ভাবী হয়ে উঠবে তখন এই ব্যাপারে উদ্যোগ নিবেন।
সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে তথ্য রয়েছে খন্দকার মোশাররফকে সরকার আটকে রাখতে না চাওয়ার মূল কারণ সমঝোতা। তাদের সঙ্গে সমঝোতা করেই বিএনপিকে কিংবা বিএনপির একটি অংশকে আগামী নির্বাচনে অংশ নেওয়াতে চাইছে।
বিএনপির একটি সূত্র জানায়, তারেক রহমান জানতে পেরেছেন খন্দকার মোশাররফ হোসেন কয়েকটি শর্ত মেনে নেওয়ার কারণেই তিনি জামিন পাওয়ার পর সরকারের কেউ বিরোধিতা করছেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবীও তাকে কারাগারে আটক রাখার ব্যাপারে উদ্যোগ নেননি। এমনকি তার জামিনের বিরোধিতা করে কোন ব্যবস্থাও নেয়নি।
বিএনপির হাইকমান্ড জানতে পেরেছেন, তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি বিএনপির একটি অংশ নিয়ে আলাদা করে বিএনপি গঠনে সহায়তা করবেন। যেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নিবে। আরো শর্ত দেওয়া হয়েছে, তার সঙ্গে সরকারি দলের নেতারা যোগাযোগ খুব একটা করবেন না এটা করবেন শরিক দলের কয়েকজন নেতাই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে অভিযোগ করেছেন সরকার বিএনপি ও বিএনপি জোটকে ভাঙ্গার চেষ্টা করছে। আর তিনি এই ব্যাপারে সকল স্তরের নেতা কর্মীদের সতর্ক থাকার জন্য বলেছেন। পাশাপাশি আগামী দিনের জন্য দলের ঐক্য ধরে রাখা জরুরি সেটাও বলেছেন।
আওয়ামী লীগের বর্ষীয়াণ নেতা তোফায়েল আহমেদের কাছে বিএনপি, খালেদা ও তারেককে নিয়ে আওয়ামী লীগ ও সরকারের আগামী দিনের পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, এটা আমি ওই ভাবে বলতে পারবো না।
সংলাপ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন আর বিএনপির সঙ্গে আলোচনার কোন বিষয় নেই। কি নিয়ে আলোচনা হবে। কোন বিষয়তো দেখি না। তাই কোন আলোচনা নয়।
বিএনপিকে নির্বাচনে আনার জন্য কোন উদ্যোগ সরকার নিবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোন আলোচনা ও সমঝোতা কোনটাই করা হবে না। কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি বিএনপি কোন আলোচনা ছাড়া ও কোন শর্ত ছাড়াই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচনে যাবে। এবং সেটা ২০১৯ সালের নির্ধারিত সময়েই। এই ব্যাপারে সরকার কোন ছাড় দিবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি