রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কড়া শাস্তির সম্মুখীন হচ্ছেন বাংলার ‘ডাক্তার’রা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৬

ডেস্ক রিপোর্টঃ

কড়া শাস্তির সম্মুখীন হতে চলেছেন ‘ডাক্তার’রা৷ আর, তার জেরেই, ‘ডাক্তার’দের শাস্তি হিসেবে আর থাকছে না সর্বাধিক ছয় মাসের জেল অথবা পাঁচশো টাকা জরিমানার ব্যবস্থা৷ তবে, যে কোনও ডাক্তারের বিরুদ্ধে নয়৷ কড়া শাস্তির ব্যবস্থা হতে চলেছে এ বার শুধুমাত্র ফেক ডাক্তারদের ক্ষেত্রে৷

ফেক ডাক্তারদের কবলে পড়ে কীভাবে বিভিন্ন সময় বিভিন্ন রোগী এবং তাঁদের পরিজনদের বিভিন্ন উপায়ে ক্ষতিগ্রস্ত হতে হয়, সে সবেরও কম নজির নেই৷ অথচ, অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ সেভাবে বুঝতেও পারেন না যে, কোন ডাক্তার আসলে ফেক৷ শুধুমাত্র তাই নয়৷ সুস্থ হতে গিয়ে ফেক ডাক্তারের কাছে কোনও ক্ষেত্রে যেমন রোগীকে প্রাণ হারাতে হয়৷ তেমনই, কোনও ক্ষেত্রে আবার রোগীর অঙ্গহানিও ঘটে যায়৷ তার সঙ্গে থেকে যায় চিকিৎসা বিভ্রাটের-ও ঘটনা৷ হুগলির এক ফেক ডাক্তারের বিরুদ্ধে এমনও অভিযোগ যে, শুধুমাত্র প্রাণহানি নয় তার কাছে সুস্থ হতে গিয়ে অকারণে জরায়ু ও হারাতে হয়েছে এক রোগীকে।

অথচ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ফেক ডাক্তারদের বিরুদ্ধে রয়েছে নাম-কা-ওয়াস্তে শাস্তির ব্যবস্থা৷ আর তাই, ফেক ডাক্তারদের বিরুদ্ধে এ বার কড়া শাস্তির ব্যবস্থা হচ্ছে৷ তবে, সর্বাধিক ছয় মাসের জেল অথবা পাঁচশো টাকা জরিমানার বদলে কোন ধরনের কড়া শাস্তির ব্যবস্থা হচ্ছে, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট করা হয়নি৷ নাম-কা-ওয়াস্তে ওই শাস্তি ব্যবস্থার বিলোপের জন্য আইন বদলের প্রয়োজন৷ কাজেই, ফেক ডাক্তারদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা চালু করতে আইন বদলের প্রক্রিয়া-ই-বা কবে শুরু হবে, সেই বিষয়টিও স্পষ্ট করা হয়নি৷ স্বাভাবিক ভাবেই, ফেক ডাক্তারদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা চালুর বিষয়ে সন্দেহ প্রকাশ করছে খোদ এ রাজ্যের-ই সরকারি ডাক্তারদের একাংশ৷

একই সঙ্গে, ওই অংশের সরকারি ডাক্তারদের তরফে সংশয়-ও প্রকাশ করা হয়েছে৷ এই সংশয়, চালু আইন অনুযায়ী ফেক ডাক্তারদের বিরুদ্ধে শাস্তি প্রদান সংক্রান্ত বিষয়ে৷ যে কারণে, পশ্চিমবঙ্গের সরকারি ডাক্তারদের ওই অংশের প্রশ্ন, অধিকাংশ ক্ষেত্রে যেখানে নাম-কা-ওয়াস্তে শাস্তি প্রদানের-ই ব্যবস্থা হয় না, সেখানে আদৌ কি ফেক ডাক্তারদের মোকাবিলায় কড়া শাস্তির সুফল মিলবে? হুগলির ওই ফেক ডাক্তার, শুভেন্দু মল্লিকের বিরুদ্ধে ২০১৫-র ২০ নভেম্বর অভিযোগ দায়ের হয়েছিল শ্রীরামপুর থানায়৷ অথচ, ওই মাসের-ই ২৪ তারিখ তাঁর বিরুদ্ধে এফআইআর হলেও, তার পরেও বহাল তবিয়তে ছিলেন তিনি৷

শেষ পর্যন্ত অবশ্য ২০১৫-র ২৬ ডিসেম্বর ওই ‘ডাক্তার’কে গ্রেফতার করা হয়৷ এবং, ওই দিন-ই তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়ে দেয় আদালত৷ তার পরেও ফের তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে৷ শুভেন্দু মল্লিক যে ফেক ডাক্তার, সেই বিষয়টি গত বছরের জুলাই মাসে স্পষ্ট করে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল৷ অথচ, তার পরেও নিজেকে তিনি এম. এস. সার্জন পরিচয় দিয়ে প্র্যাকটিস করছিলেন বলে জানা যায়৷ শুধুমাত্র তাই নয়৷ শ্রীরামপুরের বেসরকারি বিভিন্ন নার্সিং হোম অথবা হাসপাতালের পাশাপাশি নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে তাঁর যুক্ত থাকার কথাও তিনি দাবি করতেন৷ একজন ফেক ডাক্তার কীভাবে বহাল তবিয়তে প্র্যাকটিস করতে পারেন?

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট, বিধায়ক, ডাক্তার নির্মল মাজি বলেন, ‘‘ফেক ডাক্তারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়৷ এমনও হয়েছে, কাউন্সিলের অফিস থেকেই ফেক ডাক্তারকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি৷’’ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর রাজ্য প্রেসিডেন্টের পাশাপাশি নির্মল মাজি আবার পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস সমর্থিত ডাক্তারদের সংগঠনেরও প্রেসিডেন্ট৷ তা হলে, ফেক ডাক্তারদের বাগে আনতে সর্বাধিক ছয় মাসের জেল অথবা পাঁচশো টাকা জরিমানার মতো নাম-কা-ওয়াস্তে শাস্তি-ই কি যথেষ্ট? ফেক ডাক্তারদের বিরুদ্ধে কড়া কোনও শাস্তির ব্যবস্থা হবে না? নির্মল মাজি বলেন, ‘‘ফেক ডাক্তারদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হবে৷’’

ফেক ডাক্তারদের বিরুদ্ধে যে কড়া শাস্তির প্রয়োজন, তেমন মনে করেন আইএমএ-র শ্রীরামপুর শাখার প্রেসিডেন্ট ডাক্তার প্রদীপকুমার দাস-ও৷ তিনি বলেন, ‘‘ফেক ডাক্তারদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা হওয়া উচিত৷ এখন শাস্তি হিসেবে রয়েছে সর্বাধিক ছয় মাসের জেল অথবা পাঁচশো টাকা জরিমানা৷ সাধারণত কোনও ফেক ডাক্তার এই ধরনের নামমাত্র শাস্তির ভয় পান না৷’’ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট এমন বলছেন, ফেক ডাক্তারদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হচ্ছে৷ আইএমএ-র শ্রীরামপুর শাখার প্রেসিডেন্ট বলেন, ‘‘তার জন্য আইন বদলের প্রয়োজন৷ আর, আইন বদলের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টিও সময় সাপেক্ষ৷ তার উপর, আইন বদলের জন্য ডাক্তারদের সমর্থনের বিষয়টিও গুরুত্বপূর্ণ৷’’রসধমব.০৩

আইন বদলের প্রক্রিয়া তা হলে কবে শুরু হবে? এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট৷ তবে, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-য় পশ্চিমবঙ্গ সরকারের মনোনীত প্রতিনিধি, বিধায়ক, ডাক্তার সুদীপ্ত রায় বলেন, ‘‘হাতুড়ে ডাক্তার আর ফেক ডাক্তার এক বিষয় নয়৷ পশ্চিমবঙ্গে হাতুড়ে ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে৷ তবে, ফেক ডাক্তারদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হওয়া উচিত৷’’ কোনও কোনও ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসক হিসেবে নিজেদের পরিচয় দেন হাতুড়ে ডাক্তাররা৷ সাধারণত কোনও হাতুড়ে ডাক্তার-ই ফেক কোনও ডিগ্রি অথবা রেজিস্ট্রেশন নম্বর কিংবা কোনও সরকারি-বেসরকারি নার্সিং হোম বা হাসপাতালের সঙ্গে যুক্ত থাকার দাবিও করেন না৷ এ দিকে, ডাক্তারির ফেক কোনও ডিগ্রি অথবা রেজিস্ট্রেশন নম্বর কিংবা কোনও ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা আইনত অপরাধ৷

তবে, পশ্চিমবঙ্গের সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, ডাক্তার সজল বিশ্বাস বলেন, ‘‘অধিকাংশ ক্ষেত্রে, চালু আইন অনুযায়ী ফেক ডাক্তারদের বিরুদ্ধে নামমাত্র শাস্তির ব্যবস্থা-ই করা হয় না৷ ফেক ডাক্তারদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে কোনও নজরদারিও নেই৷ ওই নজরদারির জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে তেমন লোকবলও নেই৷ কাজেই, শুধুমাত্র আইন থাকলেই হবে না৷ ওই আইনের প্রয়োগ যাতে যথাযথ হয়, তার জন্য সদিচ্ছার-ও প্রয়োজন৷’’ তা হলে, কড়া কোনও শাস্তির প্রয়োজন নেই? সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, ‘‘ফেক ডাক্তারদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রয়োজন৷ তবে, তার আগে, নজরদারির পাশাপাশি চালু আইনের যথাযথ প্রয়োগের বিষয়েও সদিচ্ছার খামতি থাকা উচিত নয়৷ তার জন্য, আগে মানসিকতার বদল প্রয়োজন৷’’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি