শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘২০১৯-এর নির্বাচনে আসবেই বিএনপি’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৬

Abu-shufian-23-400x2331
ডেস্ক রিপোর্ট :

শর্ত ও আলোচনা ছাড়াই ২০১৯-এর জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনোরকম দুর্বল নয়, সহনশীল।

গতকাল আমাদের অর্থনীতি কার্যালয়ে বৈঠকে সরকারের সাফল্য, উন্নয়ন-অগ্রগতি, অতীত ও সমসাময়িককালের রাজনীতি নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় বৈঠকে তার সঙ্গে আমাদের অর্থনীতি, আমাদের সময় ডটকম, আমাদের নতুন সময় ও আওয়ার টাইম সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ দত্ত, বার্তা সম্পাদক রিমন মাহফুজ, চিফ রিপোর্টার দীপক চৌধুরী, বিশেষ প্রতিবেদক নাশরাত আর্শিয়ানা চৌধুরী উপস্থিত ছিলেন।

এদেশের অগ্রগতির তুলনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তীকালে আমাদের অর্থবছরের বাজেট ৭২৭ কোটি টাকা ছিল আর এবার বাজেট ঘোষণা করলাম ২ লাখ ৯৫ হাজার ৬১ লাখ কোটি টাকা।

রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবদিকেই ভালো অবস্থানে রয়েছে বলেও জানান তোফায়েল আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার পর তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে আখ্যায়িত করলেও সেই বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭.৩ বিলিয়ন ডলার। আর রপ্তানি আয় ৩২ বিলিয়ন ডলার। বর্তমানে এদেশটি ১০৭টি দেশে ওষুধ রপ্তানি করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পরবর্তীকালে ৭ কোটি জনগণের এই দেশে ব্যাপক খাদ্য সংকট থাকলেও বর্তমানে ১৬ কোটি জনগণের এই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি নিজেদের চাহিদা মিটিয়ে আমরা এখন বিদেশেও খাদ্য রপ্তানি করে থাকি। সেদিনও একলাখ টন চাল রপ্তানি করেছি আমরা। দেশের বর্তমান এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে বিস্ময়কর বলেও মন্তব্য করেন তিনি। গ্রামীণ অবকাঠামোর প্রসঙ্গ উত্থাপন করে তোফায়েল আহমেদ বলেন, গ্রামে যদি রাস্তা থাকে, ব্রিজ হয়, বিদ্যুৎ থাকেÑ তাহলেই শহর। আমাদের গ্রামগুলোতে এখন টিনের ঘর, ন্যাড়ার বা ছনের ঘর এখন যাদুঘরে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্র ও ভূমিকা উল্লেখ করে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন, অবরোধের নামে হত্যা, পেট্রলবোমা নিক্ষেপ, গাছ ফেলে সড়ক প্রতিরোধসহ এহেন নাশকতামূলক কর্মকাণ্ড বাদ রাখেননি খালেদা জিয়া। তিনি ২০১৪-এর ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই আন্দোলনেও তাদের লাভ হয়নি। কর্মীদের আগুনে ফেলে দিয়েছে তারা। অন্যদিকে শেখ হাসিনা দৃঢ়প্রত্যয়ী ছিলেন নির্বাচন করবেনই।

আন্দোলনের নামে বিএনপির নাশকতামূলক বিভিন্ন ঘটনা উল্লেখ করেন তোফায়েল। ২০১৩ সালের অক্টোবরের সহিংসতার বিভিন্ন ঘটনা এবং খালেদা জিয়াকে শেখ হাসিনার টেলিফোন করা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, গণভবনে তিনিসহ আমির হোসেন আমু এবং আরও কয়েকজন সিনিয়র নেতার সামনে শেখ হাসিনা টেলিফোন করেন খালেদা জিয়াকে। তোফায়েল বলেন, জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতেই টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রী।

তোফায়েল বলেন, খালেদা জিয়াকে ফোন করে গণভবনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ৫টি মন্ত্রণালয় বিএনপি দেওয়ারও প্রস্তাব করেছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক দূরদর্শিতা বোঝাতে তিনি বলেন, আমরা টেলিফোন না করতে বলেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী টেলিফোন করলেন। ধীর-স্থিরভাবে কথা বললেন। ওপাশে খালেদা কি জবাব দিচ্ছেন শোনা যায়নি। অথচ তিনি আল্টিমেটাম দিলেন। খালেদা জিয়া সেদিন প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে অবরোধ চালিয়ে যান।

বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও সিদ্ধান্ত গ্রহণে অবিচল থাকেন। তিনি তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়েছে। খালেদা জিয়া এহেন কাজ নেই, যা করেননি। ’১৫ সালে আবারও পেট্রলবোমা মারলেন, ৯৩ দিন অবরোধ করলেন। মানুষ মারলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ঘরে ফিরতে হলো। কী ভাবে? আদালতে হাজিরা দিয়ে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সাল সমাপ্ত করেছেন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে। তাহলে হলো কী। নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এ বিষয়ে আগে বিএনপি আলোচনায় আসলো না। তাহলে আর আলোচনার প্রয়োজন কী। তাই বলছিÑ বিনা শর্তে, আলোচনা ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি