হোটেলে গরুর মাংস হিসেবে বিক্রি হচ্ছে মহিষের মাংস। প্রায় ৮০ শতাংশ মাংসই মহিষের বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। রোববার সকালে দৈনিক আমাদের অর্থনীতি কার্যালয়ে নিয়মিত বৈঠকের এক আলোচনায় এ তথ্য দেন তিনি।
রবিউল আলম বলেন, গরু ও মহিষের কিডনির নিচের অংশের মাংসকে বলা হয় ‘আন্ডারকাট’। আর এ আন্ডারকাট অনেক দামি। যা কেজিপ্রতি ২ হাজার ২’শ টাকা দামে বিক্রি হয়। এক্ষেত্রে একটি গরুতে ১ কেজি ওজনের আন্ডারকাট পাওয়া গেলেও মহিষে পাওয়া যায় ৪ থেকে ৫ কেজি পর্যন্ত। এসব মাংস বিক্রি হয় বিভিন্ন নামিদামি হোটেলে। যা ‘বিফকেলি’সহ নানা রকম খাবার তৈরিতে ব্যবহƒত হয়।
মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব জানান, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার গরু ও মহিষ মাংসের চাহিদা মেটাতে জবাই করা হয়। আর বরিশালের কালাইয়া চর থেকে প্রাপ্ত পশু দ্বারা এ দুই শহরের ৩ মাসের মাংসের চাহিদা মিটে বলেও জানান তিনি। এ সময় পশু পালনে ভারতীয় পশুর আগ্রাসন বন্ধ, খাজনা কমানো এবং ঋণ প্রদানের ওপর গুরুত্ব প্রদান করেন রবিউল আলম।


























































