শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পেট্রোল বোমায় নিহত, লাশ উত্তোলন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

লাশ-উদ্তোলন

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় বিএনপি জামায়াতের হরতালে পেট্রোল বোমায় নিহত যশোরের নুরুজ্জামান পপলু ও তার মেয়ে স্কুল ছাত্রী মাইশা তাসনিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের ঘোপ কবরস্থান থেকে তাদের দু’জনের লাশ উত্তোলন করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, কুমিল্লা আদালতের নির্দেশে যশোর ঘোপ কবর স্থান থেকে নুরুজ্জামান পপলু ও তার মেয়ে মাইশার লাশ উত্তোলন করা হয়েছে। তিন সদস্যের মেডিকেল টিম যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ দু’টির ময়নাতদন্ত সম্পন্ন করবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যশোর শহরের ঘোপ কবরস্থান থেকে তাদের লাশ উত্তোলন প্রক্রিয়া শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক হোসাইন সাফায়েত ও মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ ইব্রাহীম। পপলু ও মাইশা’র লাশ সনাক্ত করেন পপলু’র ভাই কামরুজ্জামান ডাবলু। দুপুর দেড়টা নাগাদ তাদের লাশ উত্তোলন করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক হোসাইন সাফায়েত জানান, তিনিসহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মাশফিকুর রহমান ও আব্দুর রশিদ লাশ দু’টির ময়নাতদন্ত সম্পন্ন করবেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগমোহনপুর এলাকায় বাসে পেট্রলবোমা হামলায় যশোরের ঠিকাদার জেলা শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা নুরুজ্জামান পাপলু ও তার মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী মাইশা তাসনিমসহ ৮ জন নিহত হন। এদের মধ্যে ৭জনকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। কিন্তু এরপর গত বছর ২ সেপ্টেম্বর কুমিল্লার আমলি আদালত-৫ এর বিচারক মুনতাসির আহমেদ তাদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এ নির্দেশের পর বৃহস্পতিবার পপলু ও মাইশার  উত্তোলন করা হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি