জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারের বেতন-ভাতা দ্বিগুণ করার প্রস্তাব করে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। ওই বিলে তাদের ঐচ্ছিক ভাতা ১০ লক্ষ টাকা উন্নীত করা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক-মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক ‘স্পিকার এ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন এ্যান্ড প্রিভিলেজ) এ্যাক্ট ১৯৭৪ বিলটির সংশোধনী উত্থাপন করলে তা পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। এর সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা থাকায় বিল দুটি উত্থাপনের জন্য সংবিধানের ৮২ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির সুপারিশ পাওয়া গেছে।
বিলে স্পিকারের মাসিক বেতন ৫৭ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১২ হাজার টাকা, ডেপুটি স্পিকারের মাসিক বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা এবং সংসদ সদস্যদের মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বিল দুটির উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটসহ সরকারি কর্মচারীদের জন্য ৮ম জাতীয় বেতন স্কেল ঘোষণা করার কারণে স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য সময়োপযোগী বেতন-ভাতাদি নির্ধারণ করা আবশ্যক।
বিলে স্পিকারের দৈনিক ভাতা এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা ৮ হাজার থেকে বৃদ্ধি করে ১৩ হাজার টাকা, স্বেচ্ছাসেবী তহবিল ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১১ লাখ টাকা এবং বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১৬ লাখ টাকা করার করার প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে বিলে ডেপুটি স্পিকারের দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা, স্বেচ্ছাসেবী তহবিল ৮ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা এবং বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ৫ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৮ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
























































