বিএনপি জোট বার বার তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে। আর আওয়ামী লীগ বলছে তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়া সম্ভব নয়। এরই পেক্ষিতে অবসরের পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। ওই বক্তব্যের সূত্রে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের রায়ের বৈধতা নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।
দেশের ৬৮ শতাংশ মানুষ মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তারা এই ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। আর এর বিপক্ষে অবস্থান নিয়েছেন ২৩ শতাংশ। মার্কেটিং গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন-বাংলাদেশ এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি গত বছরের ৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই জরিপটি পরিচালনা করে। তত্ত্বাবধান করে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারস ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। গতকাল সোমবার জরিপের ফলাফল সম্পর্কে জানা যায়।
এর আগে ২০১৩ সালে ১১ মে প্রথম আলোর উদ্যোগে জরিপ পরিচালিত হয় সে জারিপে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ৯০% মানুষ সমার্থন দেয়। প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী সংস্থা ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড পরিচালিত ঐ জরিপে দেখা যায়, আগের বছরগুলোর তুলনায় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জনমত এখন আরও জোরালো। বেশির ভাগ মানুষ মনে করছেন, দেশের পরিস্থিতি হতাশাব্যঞ্জক। দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে মানুষের মতামত যাচাইয়ের জন্য গত ৯ থেকে ২০ এপ্রিলের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়।
জরিপে দেখা গেছে, দেশের বিপুলসংখ্যক মানুষ নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন চায়। এই দাবির পক্ষে মানুষের সংখ্যা এখন ৯০ শতাংশ। ২০১১ ও ২০১২ সালের জনমত জরিপেও মানুষের এ আকাঙ্খা প্রকাশ করেছিল। কিন্তু আগের জরিপের প্রায় অর্ধবছরের ব্যবধানে এর পক্ষে যথেষ্ট হারে জনমত বেড়েছে।
বেশির ভাগ মানুষ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেক মানুষ বলেছে, দেশ অত্যন্ত খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বাকি অর্ধেকের মধ্যেও ৩৫ শতাংশ মানুষের ধারণা, দেশ খারাপ অবস্থা পার করছে। এতে করে দেখা যায়, মোট ৮৫ শতাংশ মানুষ দেশের অবস্থা খারাপ বলে মনে করছে।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের প্রথম মেয়াদে ২০১১ সালের মে মাসে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে সংবিধান পরিপন্থি উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অবৈধ ও বাতিল ঘোষণা করেন। প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যাওয়ার প্রায় ১৬ মাস পর এবিএম খায়রুল হক ওই রায়ে সই করেন।
দায়িত্ব গ্রহণের বছর পূর্তিতে গত ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত এক বাণিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচারপতিদের অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থি।’
চার পৃষ্ঠার ওই লেখায় তিনি বলেন, অবসরের পর সাধারণ নাগরিক হিসেবে গণ্য হন বলে বিচারপতি হিসেবে নিয়োগের পর গৃহীত শপথ বহাল থাকে না। এ কারণে অবসরের পর আদালতের নথি সংরক্ষণ, পর্যালোচনা বা রায় প্রস্তুত করা এবং তাতে সই করার অধিকার হারান বিচারপতিরা। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এমন বে-আইনি কাজ থেকে বিরত থাকতে বিচারপতিদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির এ বক্তব্যে সন্তুষ্টি জানিয়েছে সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন। এ বিষয়ে বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়। বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সব বিচারপতি নিয়োগপত্র পাওয়ার পর সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ গ্রহণপূর্বক দায়িত্বভার গ্রহণ করতে হয়। তবে অবসরের পর বিচারপতিরা আর ওই শপথের আওতায় থাকেন না। ফলে বিচারপতি এবিএম খাইরুল হক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের পরিপন্থি বলে যে রায়টি দিয়েছিলেন তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই এবং তা অবৈধ বলেও দাবি করেন তিনি।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়ায় রাজনীতিতে সংকট, অস্থিরতা এবং হানাহানি চলছে। এর পেছনে রয়েছে এবিএম খাইরুল হকের সংবিধান পরিপন্থী অবৈধ রায়।’ বর্তমান সরকার উক্ত অবৈধ রায়ের সুযোগে সংবিধানের পঞ্চদশ সংশোধনী দ্বারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলুপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি।
অবসরে থেকে বিচারপতিদের লেখা সব রায় বাতিল করা হবে বলেও জানান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনী কর্মকর্তা মাহবুবে আলম বলেন, ‘এই ইস্যুটিকে অনেকে একটি রাজনৈতিক ফায়দা লোটার প্রয়াস হিসেবেই দেখছেন।’ কিছু লোক রাজনৈতিক স্বার্থে প্রধান বিচারপতির বক্তব্যের অপব্যাখ্যা করছেন বলেও দাবি করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘অবসর গ্রহণের পর যে রায় লেখা হয়, সেই রায় বে-আইনি এবং অসাংবিধানিক। তাহলে যে রায়ের রেফারেন্সে সরকার পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়েছে তা প্রধান বিচারপতির ভাষায় বে-আইনি ও অসাংবিধানিক।’ প্রধান বিচারপতির ওই বক্তব্যের পর পঞ্চদশ সংশোধনী ‘বাতিলযোগ্য হয়ে গেছে’ বলে মন্তব্য করেন তিনি।
এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা সংবিধান পরিপন্থি বলে প্রধান বিচারপতির দেয়া বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে তিনি (প্রধান বিচারপতি) দেশের প্রধান তিনজনের একজন। প্রধান বিচারপতি প্রধান বিচার করেন, প্রধান কথা বলেন না। এই বিচারপতি কথা একটু বেশি বলেন। এই পদে থেকে তিনি এমন কিছু কথা বলে ফেলেছেন যা জাতীয় রাজনীতিতে উৎকণ্ঠা এবং বেশ উত্তেজনা সৃষ্টি করেছে। যা মোটেও গ্রহণযোগ্য নয়। এভাবে কথা বলতে বলতে তিনি কোথায় চলে যাচ্ছেন এর সীমানা থাকছে না।’
‘আর এখন তিনি এমন কিছু কথা বলেছেন যা সংবিধানের কোথাও নেই। সংবিধান রচনা করেছি আমরা।’ মন্তব্য করেন তিনি। সুরঞ্জিত বলেন, ‘সংবিধানের কোন জায়গায় লেখা আছে বিচারপতিরা অবসরে গেলে রায় লেখা যাবে না ? নিজস্ব কোন্দলের জন্য জাতীয়ভাবে এরকম উত্তেজনা সৃষ্টি করবেন, এটা আমরা আশা করি না।’
প্রধান বিচারপতি এসকে সিনহাকে সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘প্রধান বিচারপতিকে এমনিতেই আমরা সম্মান একটু বেশি দেখাই। কথাবার্তায় প্রধান বিচারপতির সতর্ক থাকা উচিত।’
প্রধান বিচারপতিকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘এটা কোনো রাষ্ট্রীয় সহনশীলতার কথা নয়। এই সমস্ত পদে এগুলো কি? দুই বিচারপতির মধ্যে গোলমাল, আক্রোশ-বিক্রোশ বাইরে আসবে কেন? আমি এবং তুমি এটা জনগণ জানবে কেন? আপনাদের মধ্যে সংঘর্ষ চলছে, আর আপনি সেটা নিয়ে পাবলিকলি কথা বললেন। অনেককে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এতে আমরা খুবই মর্মাহত। এমন কোনো কথা বলবেন না যা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।’
উল্লেখ্য, ‘তত্ত্বাবধায়ক’ সরকার পদ্ধতি নিয়ে বিতর্কের শুরু ২০১১ সালে। ওই বছরের মে মাসে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে সুপ্রীম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল বলে রায় দেন। ওই রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার। এবিএম খায়রুল হক অবসরে যাওয়ার ১৬ মাস পর ২০১২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়। ওই রায়ে সই করেন অবসরে যাওয়া প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।


























































