রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির গঠনতন্ত্র প্রায় চূড়ান্ত, আসছে নানা সংশোধনী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৬

Khaleda-Zia_01-400x224

ডেস্ক রিপোর্টঃ

দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো, নতুন নেতৃত্ব সৃষ্টি ও নেতৃত্বের বিকাশে বাধা অপসারণে গঠনতন্ত্র পরিবর্তন-পরিমার্জনে ব্যস্ত বিএনপি। আগামী ১৯ মার্চ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর কাউন্সিলকে সামনে রেখেইে চূড়ান্ত হচ্ছে গঠনতন্ত্র, এখন চলছে ড্রাফট কাটা-ছেঁড়ার কাজ।

এদিকে ইউপি নির্বাচন অংশ নিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজও চলছে, দায়িত্বে আছেন বিএনপির প্রথমসারির বিভিন্ন নেতা।

কাউন্সিলরদের ভোটের আগেই দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন ও নির্বাচন চূড়ান্ত করেছে বিএনপি। দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া বহাল থাকছেন। আর সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে কো-চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। অন্যদিকে ভারমুক্ত মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আসন্ন কাউন্সিলরদের মাধ্যমে রাজনীতিতে আত্মপ্রকাশ করছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

আগামী ১৯ মার্চ সম্ভাব্য তারিখ মাথায় রেখে নানা প্রস্তুতি চলছে দলটির অভ্যন্তরে। গঠন করা হয়েছে ১২টি উপকমিটি। কমপক্ষে ৩ হাজার কাউন্সিলর এবারের কাউন্সিলে অংশ নেবেন। অতিথি হিসেবে থাকবেন দেশি-বিদেশি রাজনীতিবিদ।

কাউন্সিলকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে। কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে অনেক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে চেয়ারপারসন পদে খালেদা জিয়ার কোন প্রতিদ্বন্দ্বী নেই। মহাসচিব পদে কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করছিলেন। কিন্তু দলীয় হাইকমান্ড এক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতার পথ বন্ধ করেছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে কাউন্সিলে মহাসচিব ঘোষণা করতে পারেন চেয়ারপারসন খালেদা জিয়া। সূত্র জানায়, বরাবরের মতো এবারও চেয়ারপারসন ঘোষণার পর কাউন্সিলররা খালেদা জিয়াকেই অন্যান্য পদ পূরণের দায়িত্ব দেবেন। দলীয় হাইকমান্ড এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র জানায়, এবারের কাউন্সিলে গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী আনা হচ্ছে। বর্তমানে এর ড্রাফট কাটা-ছেঁড়ার কাজ চলছে। এতে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিবের পদ সৃষ্টি করা হতে পারে। যা বর্তমান গঠনতন্ত্রে নেই।

গঠনতন্ত্রে এসব পরিবর্তনের জন্য শিগগিরই কাউন্সিলরদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে মহাসচিবের কাছে জমাকৃত প্রস্তাবনাগুলো গঠনতন্ত্র সংশোধন কমিটি প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর দলের স্থায়ী কমিটিতে উত্থাপন করা হবে। কাউন্সিলে সবার মতামতের ভিত্তিতে সেগুলোর সংযোজন-বিয়োজন করা হবে গঠনতন্ত্রে।

এ ছাড়া গঠনতন্ত্রে এক নেতার এক পদ, এমপি প্রার্থীদের স্থানীয় কমিটির পদে না রাখা, জাতীয় নির্বাহী কমিটির পরিধি কমানো, চেয়ারপারসনের উপদেষ্টা কমিটিকে বিএনপির উপদেষ্টা কমিটিতে পরিণত করা এবং মন্ত্রণালয়ভিত্তিক চেয়ারপারসনের পরামর্শক কমিটি গঠন করার বিধান রাখা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে বর্তমান নেতাদের বিগত ৬ বছরের কর্মকা-, অবদান, সরকারের সঙ্গে সমঝোতা করে চলার সব তথ্য-উপাত্ত সংগ্রহ ও তা বিচার বিশ্লেষণের কাজ চলছে। সঙ্গে বিগত ৬ বছরে নেতাদের বিরুদ্ধে মামলা-হামলার একটি তালিকা তৈরি করে খালেদা জিয়ার কাছে জমা দেয়া হয়েছে। নতুন নেতৃত্ব নির্ধারণের জন্য দলের কেন্দ্রীয় দপ্তরের তালিকার বাইরে নানা ধরনের খোঁজখবর নেয়া হচ্ছে। এ ছাড়া লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার অলোচনার প্রতিফলন ঘটবে আগামী নেতৃত্ব নির্বাচনে।

সূত্রের দাবি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের নানা প্রতিবন্ধকতা এড়াতে এবারের কাউন্সিল নিয়ে খুব বেশি হাঁকডাক করবে না বিএনপি। অনেকটা নীরবে-নিভৃতেই বিশাল এ কর্মযজ্ঞটি সম্পাদন করতে চায় দলটি। এ লক্ষ্যে ইতোমধ্যেই গঠন করা হয়েছে ১২টি উপকমিটি।

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভ্যর্থনা কমিটির প্রধান। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান তরিকুল ইসলাম, ড্রাফট কমিটির প্রধান নজরুল ইসলাম খান। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলাবিষয়ক কমিটির প্রধান আ স ম হান্নান শাহ, ব্যবস্থাপনা কমিটির প্রধান মির্জা আব্বাস, প্রচার কমিটির প্রধান গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ কমিটির প্রধান আবদুল আউয়াল মিন্টু, আপ্যায়ন কমিটির প্রধান সাদেক হোসেন খোকা, প্রকাশনা কমিটির প্রধান আবদুল্লাহ আল নোমান, জরুরি চিকিৎসা কমিটির প্রধান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংস্কৃতিক কমিটির প্রধান গাজী মাজহারুল আনোয়ার, দপ্তর ও যোগাযোগ কমিটির প্রধান রুহুল কবির রিজভী আহমেদ।

দলের গঠনতন্ত্রে তিন বছর পর কাউন্সিল করার কথা থাকলেও এবারের কাউন্সিল হতে যাচ্ছে ছয় বছর পর। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের মার্চে কাউন্সিলের ঘোষণা দিলেও তা করতে পারেনি বিএনপি।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ৩ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হবেন। কিন্ত এবারে কাউন্সিলের আগেই চেয়ারপারসন নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। সে লক্ষ্যে একটি নির্বাচন কমিশন করা হচ্ছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রিটার্নিং অফিসার হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নাম আলোচনায় এসেছে।

দলের বর্তমান নীতিনির্ধারকদের ধারণা, চেয়ারপারসন পদে খালেদা জিয়ার বিপরীতে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বিধায় কাউন্সিলরদের ভোট দেয়ার প্রয়োজন হবে না। খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো চেয়ারপারসন নির্বাচিত হবেন।

প্রচলিত রয়েছে, কাউন্সিলররা চেয়ারপারসনকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দিয়ে থাকেন। এবারো তেমনটি হবে। সেটি হলে দলের মহাসচিব থেকে শুরু করে সব নেতা নির্বাচন করার ক্ষমতা পাবেন খালেদা জিয়া। গত কাউন্সিলেও এমনটি হয়েছিল।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, অন্তত ৩ হাজার কাউন্সিলর কাউন্সিলে অংশ নেবেন। শিগগিরই তাদের তালিকা চূড়ান্ত করা হবে। এর পর সবার কাছে আমন্ত্রণপত্র পাঠানো হবে। এ ছাড়া কাউন্সিলের প্রথম সেশনে ২০-দলীয় জোটের শরিক দলগুলো, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার একটি উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

বিগত পঞ্চম কাউন্সিলে অংশ নিয়েছিলেন কয়েকটি দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। এবারের কাউন্সিলেও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা, চীনসহ কয়েকটি দেশের রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হবে।

এবারের কাউন্সিলেও তারেক রহমান ভিডিও বা স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন একাধিক দায়িত্বশীল সূত্র। পঞ্চম জাতীয় কাউন্সিলে একটি ভিডিও বার্তার মাধ্যমে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন তিনি। তার সে বক্তব্য নেতাকর্মীদের দারুণভাবে উজ্জীবিত করে।

কাউন্সিলকে ঘিরে একটি থিম সং তৈরি হচ্ছে। কণ্ঠশিল্পী আসিফ আকবরকে কণ্ঠ দেয়ার জন্য মনোনীত করা হয়েছে। সঙ্গে থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।

কাউন্সিলে সাংগঠনিক কাঠামোসহ কেন্দ্রীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসার আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে দলের স্থায়ী কমিটিসহ ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদকম-লী ও জাতীয় নির্বাহী কমিটির বেশ কয়েকজন নেতা মারা গেছেন। যারা বেঁচে আছেন তাদের অনেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছেন। সে সঙ্গে সাবেক ছাত্রনেতা ও যুব নেতারা সাংগঠনিক কাঠামোতে আসার অপেক্ষায় রয়েছেন। সক্রিয়দের পদোন্নতি, নিষ্ক্রিয়দের বাদ, পদবঞ্চিতদের সুযোগ দেয়া হতে পারে এবারের কাউন্সিলে।

এর আগে ১৬ বছর পর ২০০৯ সালের ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল দলের গঠনতন্ত্রে। বাড়ানো হয়েছিল স্থায়ী কমিটিসহ প্রতিটি কমিটির পরিধি। তবে ২০১২ সালের ডিসেম্বরে ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিরোধী দল হিসেবে আন্দোলনে ব্যস্ততা ও দেশের সার্বিক পরিস্থিতির কারণে যথাসময়ে কাউন্সিল করতে পারেনি বিএনপি।

পরবর্তী সময়ে ২০১৩ সালে একবার কাউন্সিল আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নিলেও দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরে আসে দলটি। তবে নির্বাচন কমিশনের বিধি মেনে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ২০১৪ সালের ৩১ মে পর্যন্ত কাউন্সিল আয়োজনের সময় চায় দলটি।

গত সোমবার দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় সমন জারি হয়। এমন পরিস্থিতিতে কাউন্সিল অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে দলটির মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। তবে সিনিয়র নেতারা তেমনটা মনে করছেন না। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, সফলভাবেই কাউন্সিল করা যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা এবার ব্যাপক প্রস্ততি নিচ্ছি।

স্থায়ী কমিটির অপর সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, কাউন্সিল করার তো বিকল্প নেই। এ জন্য মার্চ মাসে কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দিষ্ট সময়েই কাউন্সিল হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি