ডেস্ক রিপোর্ট :
বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশনস ইনডেক্স—সিপিআই) অনুযায়ী, বাংলাদেশের স্কোর অপরিবর্তিত থাকলেও অবস্থান এক ধাপ পিছিয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। এর আগের বছর ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
গতকাল বুধবার টিআই ২০১৫ সালের দুর্নীতির ধারণা সূচকের প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ২০১৩ সালের ফেব্র“য়ারি থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে গোটা বিশ্বেই দুর্নীতির মাত্রা বেড়েছে।
সিপিআই সূচকে ‘০’ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত দেশ বলে ধরে নেওয়া হয়। সূচকের ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২৫। এ বছর তালিকার ঊর্ধ্বক্রম অনুযায়ী, ১৬৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম; আর নিম্নক্রম অনুযায়ী ১৩তম। ২০১৪ সালেও বাংলাদেশের স্কোর ছিল ২৫, আর নিম্নক্রম অনুযায়ী অবস্থান ছিল ১৪, আর ঊর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ছিল ১৪৫। তবে আগের বছর ১৭৫টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছিল। ২০১৪ সালের তুলনায় বাংলাদেশের স্কোর অপরিবর্তিত থাকলেও ঊর্ধ্বক্রম অনুযায়ী ছয় ধাপ এগিয়েছে, আর নিম্নক্রম অনুযায়ী এক ধাপ পিছিয়েছে। ২০১৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৭, তার আগের বছর ছিল ২৬।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিপিআই স্কোর যত কম হবে দুর্নীতির মাত্রা তত বেশি বোঝাবে। সেই হিসাবে বাংলাদেশে দুর্নীতির মাত্রা আগের বছরের চেয়ে কমেওনি, বাড়েওনি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে ভুটান। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সাতটির তথ্য দিয়ে (মালদ্বীপ বাদ রাখা হয়েছে) বলা হয়েছে, বাংলাদেশের পরে শুধু আফগানিস্তানের অবস্থান। অর্থাৎ দুর্নীতিতে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান প্রথম, আর বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে।
টিআইবির সংবাদ সম্মেলনে বৈশ্বিক দুর্নীতি পরিস্থিতির ক্রমেই অবনতির তথ্য তুলে ধরে জানানো হয়, ২০১৫
সালের দুর্নীতির ধারণা সূচকে বৈশ্বিকভাবেই অবস্থার অবনতি হয়েছে। সূচকে কোনো দেশই শতভাগ স্কোর পায়নি। বিশ্বের সর্বোচ্চ উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, বেলজিয়াম, জাপান, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, ইতালি ৮০ শতাংশের কম স্কোর পেয়েছে। এবারের সূচকে ৯১ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতির দেশ হয়েছে ডেনমার্ক। গত বছর দেশটি একই অবস্থানে ছিল, তবে স্কোর ছিল ৯২। আর টিআইয়ের বিবেচনায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও উত্তর কোরিয়া। দেশ দুটির স্কোর আট। একই স্কোর নিয়ে দেশ দুটি গতবারও সূচকে একই অবস্থানে ছিল। তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে গিনি, কেনিয়া, লাওস, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
সংবাদ সম্মেলনে টিআইবি জানিয়েছে, দুর্নীতির এই সূচক তৈরিতে তারা কোনো ভূমিকা রাখে না, টিআইবির নিজস্ব গবেষণার তথ্যও সিপিআইতে যায় না। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন ও জরিপ এবং ‘বিশেষজ্ঞ মতামতের’ ভিত্তিতে টিআই কেন্দ্রীয়ভাবে এ সূচক তৈরি করে, যা বিভিন্ন দেশে স্থানীয়ভাবেও প্রকাশ করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গবেষণায় উঠে এসেছে আরেক চিত্র। বলা হয়েছে, কোনো দেশের অভ্যন্তরীণ দুর্নীতি ছাড়াও দেশের বাইরে থেকেও দুর্নীতি ‘আমদানি’ হয়। পরিচ্ছন্ন বলে খ্যাত দেশগুলো থেকে দুর্নীতি ‘রপ্তানি’ হচ্ছে অন্য দেশগুলোতে। নিজেদের দেশে স্বচ্ছ থাকলেও দুর্নীতির সূচকে ওপরের দিকে অর্থাৎ ভালো অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোর বড় বড় কম্পানি অন্য দেশে কাজ বাগানোর জন্য ঘুষ-দুর্নীতির আশ্রয় নেয়। তাদের এই দুর্নীতি যোগ হয় অন্য দেশে। ফলে সেই দেশগুলোর অবস্থান হয় সূচকের নিচের কাতারে অর্থাৎ বেশি দুর্নীতিগ্রস্ত দেশের কাতারে। গতকাল প্রকাশিত সংস্থাটির বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে পরিচ্ছন্ন দেশগুলোর সারির প্রথম দিকে বরাবরের মতো এবারও রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। সুইডেন ও ফিনল্যান্ডের অবস্থান সূচকের প্রথম দিকেই। অথচ এই দুই দেশের যৌথ মালিকানার কম্পানি টেলিয়াসোনেরা উজবেকিস্তানে ব্যবসা পাওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের ঘুষ দিয়েছে। তাতে ওই দুই দেশের অবস্থান পরিবর্তন না হলেও উজবেকিস্তানের অবস্থান নেমে গেছে ১৫৩ ক্রমে। ধনী দেশগুলোর অর্ধেকই আন্তর্জাতিক বাধ্যবাধকতা লক্সঘন করেছে বলে টিআই মন্তব্য করেছে। তারা তাদের কম্পানিগুলোর অন্য দেশে ঘুষ-বাণিজ্য নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।
কেবল বাংলাদেশই নয়, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে দুর্নীতিবিরোধী অভিযান ঝিমিয়ে পড়েছে বলে মনে করে টিআই। এ অঞ্চলের নেতৃত্বকে আন্তরিকতার সঙ্গে ভাবা ও আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। তাদের মতে, পৃথিবীর ৬৮ শতাংশ দেশেই দুর্নীতি গুরুতর সমস্যা।
গতকালের সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সূচকে ৪৩ স্কোরকে বৈশ্বিক গড় স্কোর বিবেচনা করা হলেও বাংলাদেশের ২৫ স্কোরে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনক বলে প্রতীয়মান হয়। সরকার ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী উদ্যোগ সত্ত্বেও প্রয়োগ ও চর্চার ঘাটতির ফলে আমাদের অগ্রগতি হয়নি। এ ছাড়া সরকারের নীতি ও কাঠামো দুর্নীতিসহায়ক। স্কোর অপরিবর্তিত থাকলেও অবস্থান একধাপ কমেছে। বাংলাদেশের এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে সংসদ ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরো কার্যকর করতে হবে।’ তিনি আরো বলেন, ‘স্কোর ভালো করার সুযোগ থাকলেও বাংলাদেশ তা করতে পারেনি। বৈশ্বিক গড় স্কোরের তুলনায় বাংলাদেশের ২০১৫ সালের স্কোর অনেক কম। তাই বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনো উদ্বেগজনক। উচ্চক্রম অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশের ছয় ধাপ অগ্রগতি কিছুটা সন্তোষজনক মনে হতে পারে। কিন্তু বাস্তবে তা হওয়ার কারণ, সাতটি দেশ এবার জরিপের আওতাভুক্ত হয়নি। এসব দেশ সব সময়ই বাংলাদেশের তুলনায় বেশি স্কোর পেয়েছে। সার্বিক বিবেচনায় এবারও আমাদের অগ্রগতি হলো না।’
দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই নেতৃত্ব দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিবাজ ও দুর্নীতির প্রশ্রয় দানকারীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির বিধান করা গেলে দুর্নীতি অনেক কমে আসবে। দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে আরো কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনসহ জবাবদিহিমূলক অন্যান্য প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, সিপিআই র্যাংকিংয়ে বাংলাদেশের স্কোর গতবারের চেয়ে না কমায় কিছুটা স্বস্তি পেলেও বসে থাকলে চলবে না। কারণ এখনো গড় যে স্কোর তার কাছাকাছিও পৌঁছানো যায়নি। তা ছাড়া সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হলেও উন্নয়নের সঙ্গে দেখতে হবে, দুর্নীতি কমছে কি না; গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক আছে কি না। গণতন্ত্রের বিনিময়ে উন্নয়ন কতটা গ্রহণযোগ্য, সেটা নিয়েও ভাবার অবকাশ রয়েছে।
টিআইবির ট্রাস্টি এম হাফিজউদ্দিন খান বলেন, যদি সংসদীয় কমিটিগুলো কার্যকর হয়, প্রশাসনযন্ত্র সংসদের জবাবদিহির মধ্যে থাকে, বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করতে পারে, তাহলে অবস্থার আরো উন্নতি হতে পারে।
























































