সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমি এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাই : রাব্বী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৬

banglamail-400x225

ডেস্ক রিপোর্টঃ

গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরে রাব্বীকে আটক করে নির্যাতন চালায় এসআই মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। রাব্বী যদি এসআই মাসুদের বিরুদ্ধে নতুন করে মামলা বা অভিযোগ দাখিল করেন তবে সেই মামলা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানা বা ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতকে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত বৃহস্পতিবারের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে মামলা করবেন কি না জানতে চাইলে রাব্বী বলেন, ‘আমি আগে কাজে যোগ দেই। তারপর সিদ্ধান্ত। এটি কোনো সংস্থার বিরুদ্ধে নয়, একক কোনো ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ। তাছাড়া আমি একটি প্রতিষ্ঠানের কর্মী। আর ঘটনাটি বড় আকার ধারণ করেছে। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েই সামনে এগুবো।’

কর্মস্থলে যোগদান করে স্বাভাবিক জীবনে ফিরতে চান পুলিশের নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী। কাজের মাধ্যমে নির্যাতনের দুঃসহ স্মৃতি ভুলতে চান তিনি। এরপর অভিযুক্ত এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা করবেন কি না তা ঠিক করবেন তার কর্মস্থলের কর্তৃপক্ষের সিদ্ধান্তে। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বী এ কথা জানান।

রাব্বী আরো বলেন, ‘আমি এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাই। ওইসব কথা ভুলতে চাই। যদিও চিকিৎসক আমাকে আরো কিছুদিন রেস্টে থাকতে বলেছেন। তবে আমার আর ভালো লাগছে না। গতকাল (বৃহস্পতিবার) অফিসে গিয়েছি। আশা করছি রোববার থেকে নিয়োমিত অফিস করবো।’

গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বীকে আটক করে এসআই মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। ইয়াবা ব্যবসায়ী বানানোর ভয় দেখিয়ে তারা রাব্বীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। এরপর রাত ৩টা পর্যন্ত তাকে বিভিন্ন রাস্তায় ঘোরানো হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনকি বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকি দেয়া হয়।

পরদিন সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বী। আর সেই নির্যাতনের ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। শেষ পর্যন্ত এসআই মাসুদকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

এদিকে গত ১৮ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে রাব্বীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান ও অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু এবং সাংবাদিক জাহিদ হোসেনের করা এক রিট আবেদনের উপর প্রাথমিক শুনানি শেষে আদালত আদেশ দিয়েছিলেন। আদালত অন্তবর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন।

রুলে রাব্বীকে পুলিশী হেফাজতে নিয়ে নির্যাতন কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্র ও আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, তেজগাঁও জোনের উপ-কমিশনার, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নির্যাতনকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ সিকদার ও জাতীয় মানবাধিকার কমিশনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এ আবেদনে চেম্বার বিচারপতি গত ২১ জানুয়ারি হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটির উপর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এ আবেদনের ওপর গত বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি