ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতার অনুমোদনের জন্য দলের ঊর্ধ্বতনদের সমর্থন পেতে ইতোমধ্যে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূল সব নেতাকর্মী। যার ফলে একক প্রার্থী বাছাই করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগের।
সম্ভবত মার্চে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তথাপিও দলের মনোনয়ন প্রদানের কাজ এখনও শুরু হয়নি।
দলীয় সূত্র মতে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশঙ্কা করছেন, তারা বিদ্রোহী প্রার্থীদের দমন করতে সক্ষম নাও হতে পারেন। তাই দল গুরুতর ধাক্কা খেতে পারে।
এমনকি তারা বিভিন্ন জায়গায় তৃণমূলের মাঝে গোলমালের আশঙ্কা করছেন। যেখানে স্থানীয় সরকারের সর্বনি¤œ স্তরের নির্বাচনে দলের আশা-আকাঙ্খাকে দুর্বল করতে পারে।
মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন। সমর্থন লাভের উদ্দেশ্যে তারা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে সম্পর্ক বজায় রেখে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, পোস্টার ঝোলাচ্ছেন।
এদিকে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নের জন্য বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
প্রথমত আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট ইউনিটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত কমিটি প্রার্থী বাছাই করবেন। এরপর এ তালিকা দলের উর্ধ্বতন পর্যায়ে পাঠানো হবে। পরে এখানে মনোনয়ন চূড়ান্ত করা হবে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ায় তারা ইতোমধ্যে বাছাই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো প্রার্থীদের নাম জেলা ইউনিটে পাঠাবে। তারপর আমরা তালিকা চূড়ান্ত করে তা কেন্দ্রে পাঠাবো।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেন, আমরা এখনও এ ধরনের কোন নির্দেশনা পাইনি। চেয়ারম্যান পদের জন্য যেসব তৃণমূল নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক, আমরা তাদের কর্মকা- পর্যবেক্ষণ করছি।
তিনি আরও বলেন, প্রার্থীরা ইতোমধ্যে প্রবল প্রচারণা শুরু করে দিয়েছেন। যাদের জেতার সম্ভাবনা আছে এবং অন্যদের চেয়ে অধিক জনপ্রিয় তাদের মনোনয়নের জন্য বাছাই করা হবে।
তার সঙ্গে তাল মিলিয়ে সুনামগঞ্জের মুকুট বলেন, আমরা প্রার্থীদের ফোনে ফোনে ক্লান্ত হয়ে পড়েছি।
নাটোরের চাটনি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের জন্য দলের মনোয়ন নিশ্চিত করতে তিনজন জোর তৎপরতা চালাচ্ছেন।
মো: দুলাল সরকার ২০০৩ সাল থেকে ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মনোনয়ন লাভ করবেন বলে মনে করেন।
শুক্রবার তিনি ডেইলি স্টারকে বলেন, যদি দল জনগণের মাঝে আমার জনপ্রিয়তা এবং সংগঠনের প্রতি আমার নিষ্ঠাকে বিবেচনা করে তাহলে অবশ্যই আমি মনোনীত হব। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হয় ভোটারদের কাছ থেকে দূরে রয়েছেন অথবা বিতর্কে নিমজ্জিত রয়েছেন।
তোফাজ্জল হোসেন ২০০৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনিও একইরকম আশা করছেন।
সদর উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি দাবি করেন, এখানে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা অনেক ওপরে। যদি আমি দলের মনোনয়ন পায় তাহলে নিরপেক্ষ জনগণ আমাকে ভোট দেবে।
এখানে নজরুল ইসলাম ডন আরেকজন মনোনয়ন প্রত্যাশি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হওয়া সত্ত্বেও তিনি মনে করেন তার বাবা হানিফ আলী শেখের উত্তরাধীকারী হিসেবে তার বিশাল সুবিধা রয়েছে। হানিফ ২০১১ সাল পর্যন্ত মৃত্যু অবধি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কুষ্টিয়ার খোকসায় ওসমানপুর ইউনিয়ন পরিষদে দুই মনোনয়ন প্রত্যাশি আনিসুর রহমান বাবলু ও লিটন মোল্লা আওয়ামী লীগের টিকেট লাভের চেষ্টা করছেন।
আওয়ামী কৃষকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের সাথে জড়িত আছি। সুতরাং আমার মনোনয়ন পাওয়া উচিত।
অন্যদিকে লিটন মোল্লা বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ করে আসছি। সুতরাং দলের উচিত আমাকে মনোনয়ন দেয়া।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ উল আলম লেনিন মনে করেন, ৪৫০০ ইউনিয়ন পরিষদে একক প্রার্থী বাছাই করা খুবই কঠিন কাজ হবে। যাইহোক, তিনি দলীয়ভাবে ইউপি নির্বাচন গ্রহণে দলের কিছু উপকার আছে বলে মনে করেন।
তিনি বলেন, এতে জনগণের প্রতিনিধিরা অনেক দায়িত্বশীল হবে এবং দলের তৃণমূল অধিক সক্রিয় ও গতিশীল হবে।
নির্বাচন কমিশন পাঁচ ধাপে নির্বাচন গ্রহণের পরিকল্পনা করছে। প্রথমবারের মতো চেয়ারম্যান প্রত্যাশীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এর আগে ২০১১সালে ৪,২৯৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২,১০১টি চেয়ারম্যান পদে বিজয় লাভ করে। অন্যদিকে বিএনপি প্রার্থীরা মাত্র ১৬১৮টি পদে বিজয় লাভ করে।























































