
স্টাফ রিপোর্টারঃ
রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ক্ষমতায় আসার পর রেলের উন্নয়নে ৪৮ টি প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্পই শেষ হয়েছে। প্রধানমন্ত্রী দেশের কষ্টার্জিত অর্থ এবং বিদেশ থেকে সহজ শর্তে ঋণ এনে দেশের রেলওয়ের উন্নয়ন করেছেন। অপরদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া রেল ধ্বংস করেছেন, রেলের ইঞ্জিন এবং বগিতে অগ্নিসংযোগ করেছেন।
শনিবার (৩০ জানুয়ারী) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে রেলপথমন্ত্রী মুজিব বলেন, সরকার পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনে জনগণ যাদেরকে রায় দিবে তারাই সরকার পরিচালনা করবেন। সন্ত্রাস বোমাবাজি আর মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যায় না।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা মুুিক্তযোদ্ধা কমান্ডার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

















































