ডেস্ক রিপোর্ট :
বেসরকারি একটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা মো. জাহেদ চৌধুরী। ব্যক্তিগত সিম পুনঃনিবন্ধন করতে শনিবার রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থিত গ্রামীণফোনের একটি কাস্টমার কেয়ার সেন্টারে যান। নির্ধারিত ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর তার সিরিয়াল আসে। কিন্তু বায়োমেট্রিক্স বা আঙুল ছাপ পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে তিনি ব্যর্থ হন।
কারণ হিসেবে কাস্টমার কেয়ারের কর্মকর্তা জানান, তার আঙুলের ছাপ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) তথ্যভা-ারের সঙ্গে মিলছে না। আর আঙুলের ছাপ না মিললে সিম পুনঃনিবন্ধন করা সম্ভবও নয়। পুনঃনিবন্ধন করতে না পারলে ৯ বছর ধরে ব্যবহৃত নিজের সিমটি তাহলে কি বন্ধ হয়ে যাবে? এমন প্রশ্ন আর শংকা নিয়ে হতাশ হয়ে তিনি ফিরে আসেন। আর শুধু জাহেদ চৌধুরী নন, ফিঙ্গারপ্রিন্ট না মেলায় এভাবে প্রতিদিন বহু লোককে পুনঃরেজিস্ট্রেশন ছাড়াই ফিরে আসতে হচ্ছে। বলা হচ্ছে, জাতীয় পরিচয়পত্র প্রদান অফিসে যোগাযোগ করতে।
ফোন কোম্পানিগুলোর বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টার খোঁজ নিয়ে এ রকম ভোগান্তির শিকার বহু মানুষের তথ্য পাওয়া গেছে। সাধারণ মানুষ তার ব্যস্ততা থেকে সময় কাটছাঁট করে সিম পুনঃনিবন্ধন করতে এলেও বিপাকে পড়ছেন। তাদের প্রশ্ন- ভোটার আইডি কার্ড দেয়ার সময় যে আঙুলের ছাপ নেয়া হয়েছিল, তার সঙ্গে মিল খুঁজে না পাওয়ার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না। সারা পৃথিবীতে এটাই তো এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে স্বীকৃত যে, কারও আঙুলের ছাপ পরিবর্তন হয় না। তাহলে ব্যক্তির পরিবর্তন না হলে আঙুলের ছাপ পরিবর্তন হবে কীভাবে? ভুক্তভোগী কেউ এই খোঁড়া যুক্তি মেনে নিতে পারছেন না।
এ অবস্থায় দীর্ঘদিনের পুরনো ও নিকটজনের কাছে পরিচিত মোবাইল নম্বরটি সচল রাখতে ভুক্তভোগীদের অগত্যা ছুটতে হচ্ছে নিকটস্থ নির্বাচন অফিস কিংবা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসগুলোতে। আবার কোথাও কোথাও সিম পুনঃনিবন্ধনে টাকা আদায়ের অভিযোগও আছে ডিলারদের বিরুদ্ধে। কাস্টমার কেয়ারগুলোতে সিম বা রিম পুনঃনিবন্ধনে আগ্রহীদের ভিড় থাকায় রেজিস্ট্রেশন করতেও সময় বেশি লাগছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার জন। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, এসব গ্রাহককে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে হবে। গত ১৬ ডিসেম্বর থেকে সারা দেশে আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন চলছে। চলবে এপ্রিল পর্যন্ত। এর মধ্যে যেসব সিম নির্দিষ্ট নিয়মে পুনঃনিবন্ধন করা হবে না, সেগুলো বন্ধ হয়ে যাবে।
মোবাইল অপারেটর ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ঊর্ধ্বতন একজন দায়িত্বশীল কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, শুধু আঙুলের ছাপ সংক্রান্ত জটিলতায় রয়েছেন লাখ লাখ নাগরিক। কয়েক লাখ নাগরিকের আঙুলের ছাপ তথ্যভা-ারেই নেই। এছাড়া অনেকেরই ছাপ থাকলেও তা অস্পষ্ট। এছাড়া মাঠপর্যায়ের দোকানে দেয়া মোবাইল অপারেটরগুলোর আঙুলের ছাপ নেয়ার মেশিনও অত্যাধুনিক নয়। এ কারণেও তথ্যভা-ারের সঙ্গে সংরক্ষিত ছাপের মিল রয়েছে কিনা তা যাচাই করা সম্ভব হচ্ছে না। এছাড়া জাতীয় পরিচয়পত্রের ডিজিট নম্বর ও জন্ম তারিখ ভুলের কারণেও ভোগান্তির শিকার হচ্ছেন কেউ কেউ।
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আঙুলের ছাপ পদ্ধতিতে সিম বা রিম নিবন্ধন করতে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ পেয়েছেন বলে তার ভেরিফাইড ফেসবুক পেইজে উল্লেখ করেছেন।
তিনি নিজ স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার ভেরিফাইড ফেসবুক পেইজে বায়োমেট্রিক্স (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম/রিম নিবন্ধন বিষয়ে কিছু মোবাইল ফোন অপারেটর কর্তৃক গাফিলতির কিছু অভিযোগ করেছেন সম্মানিত গ্রাহকেরা। আমরা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একজন গ্রাহকের অভিযোগকেও শতভাগ গুরুত্ব দিতে চাই।’ এরপরই মোবাইল অপারেটরদের সঙ্গে এক বৈঠকে গ্রাহক ভোগান্তি এবং নিবন্ধনে যাতে টাকা আদায় না করা হয় সেজন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এনআইডি সংশ্লিষ্টরা জানান, তথ্যভা-ারের সঙ্গে আঙুলের ছাপ মিল না থাকার জন্য সম্ভাব্য তিন কারণ থাকতে পারে। সেগুলো হচ্ছে- এনআইডি’র তথ্যভা-ারে কয়েক লাখ নাগরিকের আঙুলের ছাপ নেই। ওই সব ভোটারের জাতীয় পরিচয়পত্রের পেছনে আঙুলের ছাপ না থাকার বিষয়টি উল্লেখ করা রয়েছে। আবার অনেকের আঙুলের ছাপ অস্পষ্ট বা নিুমানের। বিশেষ করে ২০০৭ সালে ছবিসহ প্রথম ভোটার তালিকা তৈরির সময় অনেকের আঙুলের ছাপ যথাযথভাবে নেয়া হয়নি। তৃতীয় কারণটি হচ্ছে- মোবাইল অপারেটরদের আঙুলের ছাপ নেয়ার ডিভাইস উন্নতমানের না হওয়া।
তারা বলেন, নির্বাচন কমিশন যেসব মেশিনের মাধ্যমে বর্তমানে আঙুলের ছাপ নিচ্ছে, সেগুলো অত্যাধুনিক প্রযুক্তির। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এফবি আই) ও বাংলাদেশের পাসপোর্ট অফিস এ ধরনের মেশিন ব্যবহার করে। কিন্তু মোবাইল অপারেটরদের ডিভাইসগুলো ওই মানের না হওয়ায় অনেক ক্ষেত্রেই নাগরিকদের আঙুলের ছাপ মেলাতে পারেন না। আবার অনেকে সঠিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিতেও জানেন না।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, ‘মোবাইল অপারেটরদের বলেছি, কারও আঙুলের ছাপ মেলাতে সমস্যা হলে নির্বাচন অফিসগুলোতে পাঠিয়ে দেবেন। আমাদের উন্নত প্রযুক্তির মেশিনের সাহায্যে ওই সমস্যার সমাধান করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কারও আঙুলের ছাপ তথ্যভা-ারে না থাকে, তাহলে আমাদের কাছে এলেই ছাপ নেয়া হবে। এক্ষেত্রে ভোগান্তির কোনো সুযোগ নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোবাইল অপারেটরদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এনআইডির কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিম বা রিম পুনঃনিবন্ধনের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, এনআইডির সার্ভার অনেক সময় ডাউন হয়ে যায়। ওই অবস্থায় জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের কার্যক্রম বন্ধ থাকে। গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে আঙুলের ছাপ পাওয়া যায় না অথবা মেলে না।


























































