পৌর নির্বাচনে জাতীয় পার্টির পরাজয়ের পর এরশাদ সরকার থেকে বের হতে চাইছেন। তিনি বুঝতে পেরেছেন সরকারে থাকলে তাদের জনপ্রিয়তা দিন দিন কমবে। আর এ কারণেই বার বার সরকার থেকে বের হতে চাচ্ছেন।
এরশাদের ছোট ভাই জিএম কাদের বারবারই বলেছেন, আমরা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। কিন্তু রওশন এরশাদপন্থিরা মন্ত্রীত্ব হারাতে চান না। বের হতে চান না সরকার থেকে। এরশাদ আজ রোববার প্রেসিডিয়াম সভা ডেকেছেন কিন্তু তাদের তিন মন্ত্রী রয়েছেন ঢাকার বাইরে, ফলে ওই সভায় তাদের যোগ দেয়ার সম্ভাবনা নেই। এ সভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
রোববার বেলা ১১টায় এরশাদের বনানী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। তবে এতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অনুসারীরা যোগ দেবেন কি-না তা নিয়ে সংশয় রয়েছে। রওশনপন্থি একাধিক নেতা জানিয়েছেন রওশন, জাপার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও তাদের অনুসারীরা সভায় যোগ দেবেন না।
জাপায় গত দুই সপ্তাহ ধরে টানাপড়েন চলছে। কো-চেয়ারম্যান নিয়োগে এরশাদ ও রওশন বিপরীতমুখী অবস্থান নিয়েছেন। এরশাদ সরকার ছাড়ার কথা বললেও রওশন বলছেন, এমন সম্ভাবনা নেই।
নেতৃত্বের লড়াইয়ে বদল হয়েছে মহাসচিবও। এমন পরিস্থিতিতে ৯ মাস পর অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডিয়াম সভা। সর্বশেষ গত বছরের ২৪ এপ্রিল হট্টগোলের কারণে মাত্র ১৫ মিনিটেই প্রেসিডিয়াম সভার ইতি ঘটে।
জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, দলের আসন্ন জাতীয় কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত হবে আজকের সভায়। জাপায় চলমান নাটকীয়তা নিয়ে আলোচনা হবে কি-না সে প্রশ্নে হাওলাদার বলেন, ‘সব বিষয় নিয়ে কথা হতে পারে।’ রওশনপন্থিরা সভা বর্জন করতে পারেন এমন গুঞ্জন এড়িয়ে জাপা মহাসচিব বলেন, ‘সকল প্রেসিডিয়াম সদস্যকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।’
রওশনপন্থি একাধিক নেতা জানিয়েছেন, তারা সভায় যোগ দিচ্ছেন না। রওশনপন্থি হিসেবে প্রেসিডিয়াম সদস্য শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সমকালকে বলেন, তিনি কিশোরগঞ্জে অবস্থান করছেন। এ কারণে সভায় যোগ দিতে পারবেন না। প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ দলের নেতাদের জানিয়েছেন, চট্টগ্রামে পূর্বনির্ধারিত সভা থাকায় তিনিও সভায় যোগ দিতে পারছেন না। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাও যোগ দেওয়ার ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি।
বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল সোনারগাঁওয়ে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন রওশন এরশাদ। দিনের কার্যসূচিতে প্রেসিডিয়াম সভায় যোগ দেওয়ার কর্মসূচি নেই।
গত ১৭ জানুয়ারি ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করেন এরশাদ। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন রওশনপন্থিরা। পরদিন তারা রওশনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করায় ১৯ জানুয়ারি জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে মহাসচিব পদে রুহুল আমীন হাওলাদারকে ফিরিয়ে আনেন এরশাদ। পরে রওশন এক বিবৃতিতে যৌথসভায় আলোচনা না হওয়া পর্যন্ত কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখতে এরশাদকে অনুরোধ করেন। পাল্টা চিঠিতে এরশাদ তার অনুরোধ প্রত্যাখ্যান করেন।
রওশনপন্থিরা শুরু থেকেই প্রেসিডিয়াম ও সংসদীয় দলের যৌথসভার দাবি জানিয়ে আসছেন। ৪০ সদস্যের সংসদীয় দলে রওশনপন্থিরা বিপুল সংখ্যাগরিষ্ঠ। প্রায় ৩০ জন এমপি রওশনের অনুসারী। ৩৬ সদস্যের প্রেসিডিয়ামে এরশাদের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। মাত্র ৭ জন রওশনপন্থি। জাপা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নেওয়া সিদ্ধান্তগুলোর পক্ষে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে সংসদীয় দলকে বাদ দিয়েই সভা ডেকেছেন এরশাদ।























































