রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রিম্যান আবুলের পাশে বিশ্বস্বাস্থ্য সংস্থা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৬

IMG_20160130_093401
ডেস্ক রিপোর্টঃ

বিরল চর্মরোগ ট্রিম্যানে আক্রান্ত খুলনার আবুল বাজনাদারের (২৬) সুচিকিৎসায় সহায়তার আশ্বাস পাওয়া গেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু) এর কাছ থেকে।

আবুলের চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সোমবার আমাদের সময় ডটকমকে এ তথ্য জানান।

সোমবার সকালে তার কক্ষে দেখা যায়, তিনি হু”র বাংলাদেশ প্রতিনিধি প্যারানির সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। কথা শেষে সামন্ত লাল সেন জানান, আবুলের রক্ত, লালা ও আক্রান্ত মাংসপিন্ডের টিস্যুর বায়োপসির নমুনাসহ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস পাঠাতে  ব্যাপারে সহায়তা কামনা করলে তিনি প্যারানির সর্বাত্মক সহযোগিতা করবেন বলে মৌখিকভাবে প্রতিশ্রুতি দেন।

ডা. সেন জানান, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউএসসি নরিস কমপ্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের মলিক্যুলার মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি অ্যান্ড গাইনি অ্যান্ড অবসট্রেনিকস্ এর অধ্যাপক ডা. ডব্লিউ মার্টিন গাস্ট আবুলের চিকিৎসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ই-মেইল পাঠান। ই-মেইলে তিনি আবুলের রোগব্যাধি শনাক্তকরণে রক্ত, লালা ও মাংসপিন্ডের নমুনা তার কাছে পাঠাতে অনুরোধ করেছেন।

অধ্যাপক ডা. ডব্লিউ মার্টিন গাস্ট গত ২০ বছর ধরে ট্রিম্যান চিকিৎসার চর্চা করছেন জানিয়ে ডা. সেন বলেন, ইন্দোনেশিয়ায় সনাক্ত রোগীর চিকিৎসা করেছিলেন। এজন্য মার্টিন গাস্টের কথা গুরুত্ব দিয়ে পরিপ্রেক্ষিতে হু”র সঙে যোগাযোগ করা হয়।

সোমবার সকালে সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, পাঁচ তলার পশ্চিমদিকের যে কেবিনে মা ও বোনের সঙ্গে আবুল রয়েছেন সে কক্ষের বাইরে একজন নিরাপত্তারক্ষী দাড়িয়ে আছেন। কাউকে ভিতরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি ডা. সেনের অনুমতি নিয়ে তারপর আসতে বলছেন।

ডা.সেন আরও জানান, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের আনাগোনায় আবুল বিরক্ত হচ্ছে। বার বার একই প্রশ্নের জবাব দিতে দিতে হাঁপিয়ে উঠছেন। এ জন্য সাক্ষাতের সুযোগ কমানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরের হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ডা. সেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি