সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিন দলের তিন ব্যস্ততা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৬

BNP-AL-JP
ডেস্ক রিপোর্ট:

নয় বছর ধরে ক্ষমতার বাইরে রাজপথের বিরোধী দল বিএনপি এখন ব্যস্ত মুক্তিযুদ্ধের ইতিহাস ‘চর্চা’ নিয়ে। সর্বশেষ দুই বছর ফল শূন্য আন্দোলনের পর রাজনীতিতে প্রায় নিশ্চুপ ছিল দলটি। হঠাৎ করেই দলটির নেতারা যেন মুক্তিযুদ্ধের ইতিহাস ‘চর্চায়’ প্রতিযোগিতায় নেমেছেন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি গৃহবিবাদে জেরবার। রওশন-এরশাদ দ্বন্দ্বে প্রভাব পড়েছে দলের সর্বত্রই। দলটি এখন নানাভাবে বিভক্ত হয়ে পড়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যস্ত নিজেদের নিয়ে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের অনেক নেতাই এখন রাজনীতিকে পাশ কাটিয়ে যে যার মতো করে ব্যবসা- বাণিজ্য, লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশে কোনো দলই এখন রাজনীতিতে নেই। দলের ভিতরেও কেউ গণতন্ত্র চর্চা করছে না। দেশের উন্নয়নে ঐকমত্যের যথেষ্ট অভাব। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও দ্বিধাবিভক্ত। প্রতিহিংসার রাজনীতি চলছে সর্বত্রই। কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতায় নেই। আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দল গণতন্ত্র এবং আইনের শাসনকে পাশ কাটিয়ে উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে রাজপথের বিরোধী দলের নির্বাহী কমিটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ। দলের ভিতরে-বাইরে নানা সমস্যা। দাবি তাদের নতুন সংসদ নির্বাচনও। কিন্তু এসব ছাপিয়ে তারা এখন মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা বিতর্ক, কার কী অবদান তা নিয়ে বক্তব্য দিচ্ছেন। জাতীয় পার্টিতে হুসেইন মুহম্মদ এরশাদ আর তার স্ত্রী রওশন এরশাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দলের ভিতরে-বাইরেও এর প্রভাব পড়ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশ ও গণতন্ত্র রক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থে সবাইকে ঐকমত্য গড়ে তোলা সময়ের দাবি।

নিজেদের নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ : সংগঠন নয়, নিজেদের আখের গোছাতেই ব্যস্ত আওয়ামী লীগ নেতারা। কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র দলের নেতা-কর্মীদের বড় অংশই মনোযোগী নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়ে। সাংগঠনিক তৎপরতা অনেকটা ‘দিবস ভিত্তিক’। এমপিরাও নিজ নির্বাচনী এলাকায় কম যান। রাজনীতি নিয়ে ব্যস্ততা নেই। জেলা নেতারাও যে যার মতো অর্থ বিত্তের মালিক হওয়ার দৌড়ে রয়েছেন। এসব নেতার আমলনামা নিয়ে এখন খোদ দলের মধ্যেই চলছে নানা হিসাব-নিকাশ।

নাম প্রকাশ না করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক সদস্য বলেন, অধিকাংশ মন্ত্রী-এমপি হয়েছেন বিনা ভোটে। ফলে মাঠপর্যায়ের নেতা-কর্মী কিংবা ভোটারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। বিরোধী দলের দুর্বল অবস্থানের কারণে সরকার, এমপি ও দল যে যেখানে আছেন, সবাই মনে করছেন, আগামী পাঁচ বছর নিরাপদ। তাই সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত।

জানা যায়, গত ৬ বছরে সাংগঠনিক বিষয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হলেও তার বেশিরভাগ এখনো বাস্তবায়ন হয়নি। বিভাগীয় মহাসমাবেশ, সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান, দলীয় কার্যালয় স্থাপনসহ এমন অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি দলটি। এখনো বেশ কিছু জেলা সম্মেলন শেষ হয়নি। সাংগঠনিক দিক দিয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও নামধারী নেতাদের কারণে ভাবমূর্তি হারাচ্ছে আওয়ামী লীগ। শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি হওয়ার কারণে অন্য যে কোনো দলের তুলনায় মজবুত অবস্থানে ক্ষমতাসীন দলটি।

তবে দলের এ মজবুত অবস্থা থেকে যে যার মতো আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেক নেতা। ভূমি দখল, হাটের ইজারা থেকে শুরু করে গ্রাম্য শালিসেও জরিমানার নামে চলছে নামধারী নেতাদের অর্থ লুট। এতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের ভাবমূর্তি অনেকটা নষ্ট হচ্ছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি না হওয়ায় পদপ্রত্যাশীরা হতাশায় ভুগছেন। সংগঠনের চেয়ে তারা এখন ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সভা-সমাবেশেও আর আগের মতো উপস্থিতি কমে গেছে।

আওয়ামী লীগের একাধিক নেতা জানান, এখন রাজনৈতিক কর্মসূচিতে খুব কম লোকই নিজ উদ্যোগে আসে। স্থানীয় এমপি ও নেতারা টাকা খরচ করে বড় জমায়েত করেন। সাধারণত যেসব অনুষ্ঠানে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকেন, সেসব অনুষ্ঠানে লোক জমায়েত করতে নেতাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলে। ৫ জানুয়ারি নির্বাচনের আগে হঠাৎ করেই সহ-সম্পাদক নিয়োগের হিড়িক পড়ে যায়। তিন দফায় প্রায় সাড়ে পাঁচশ সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়। এখন এসব সহ-সম্পাদকের অনেককেই আর দলীয় কর্মসূচিতে দেখা যায় না। তাদের অনেকে সচিবালয়, নগর ভবন, রাজউক, খাদ্য ভবন, শিক্ষা ভবন, বিদ্যুৎ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তদবিরে ব্যস্ত। আবার ধানমন্ডিতে দলের সংবাদ সম্মেলনে টেলিভিশনে নিজেদের চেহারা দেখাতে উপস্থিতি বাড়ে এমনকি চেয়ার নিয়েও বাকবিত-া হয়। আবার এসব সহ-সম্পাদক কার্ড ছাপিয়ে নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মে এবং জেলার প্রবীণ নেতাদের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করেন।

বিএনপির ইতিহাস ‘চর্চা’ : চার বছর ধরে মেয়াদোত্তীর্ণ বিএনপির নির্বাহী কমিটি। মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা তাকিয়ে, কবে কাউন্সিল হবে। মামলা-হামলায় বিপর্যন্ত বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেসব কাজ বাদ দিয়ে বিএনপি এখন ব্যস্ত মহান মুক্তিযুদ্ধের শহীদদের ‘সংখ্যাতত্ত্ব’ নিয়ে। অথচ এই সেদিনও তাদের মূল ইস্যু ছিল জাতীয় সংসদ নির্বাচন দাবি। কিন্তু হুট করেই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে বক্তব্য দিতে শুরু করেছেন দলটির নেতারা।

বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির এখন ইতিহাস চর্চার সময় নয়। মাঠের নেতা-কর্মীরা দুঃখ-দুর্দশায় নিমজ্জিত। কারাগারে অসংখ্য নেতা-কর্মী। ৯ বছর ধরে অগোছালো দল ও অঙ্গ-সংগঠনগুলো। সামনে ইউপি নির্বাচন। বিএনপির এখন সেদিকেই মনোযোগী হওয়া উচিত। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপির এখন মূল কাজ হওয়া উচিত দলের কাউন্সিল করা, দল পুনর্গঠন করা। সরকারের সব ভ্রান্ত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা।’ তিনি আরও বলেন, ‘কোনো জাতির সঠিক ইতিহাস রচনা করতে অন্তত ৭৫ বছর সময় প্রয়োজন। বাংলাদেশ এখনো সেই স্থানে যায়নি। তাছাড়া মুক্তিযুদ্ধে এক-দুই ভাগ ছাড়া পুরো জাতিই এর পক্ষে ছিল। বিরোধীদের চিহ্নিত করলেই তো আর সমস্যা থাকে না। আপাতত এসব বিষয়ের প্রতি মনোযোগ না দিয়ে বিএনপিকে দলের সাংগঠনিক কর্মকা-েই দৃষ্টি দেওয়া উচিত।’

মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির সংখ্যাতত্ত্ব : সর্বপ্রথম গত ২১ ডিসেম্বর বিএনপি সমর্থিত মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’ খালেদা জিয়ার পর এ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এক অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন। পাকিস্তানের যারা বেতন-ভাতা খাইছে, শেষ দিন পর্যন্ত, তারা (শহীদ বুদ্ধিজীবী) নির্বোধের মতো মারা গেল, আমাদের মতো নির্বোধেরা প্রতিদিন তাদের শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়।’ আরেক ধাপ এগিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, ‘শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ দেখেননি, কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছে তা তিনি শুনেছেন। যুদ্ধে যাদের ভূমিকা নেই তাদের দিয়ে জাতির পিতা বা স্বাধীনতার ঘোষক বানাতে চাইলেই বানানো যায় না।’ গয়েশ্বর-রিজভীর পর গত রবিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বললেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তৈরি করবেন তারা। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ও মতবিরোধ আছে।

গৃহবিবাদ জাপায় : জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে গৃহবিবাদ থামছেই না। গত ১৭ জানুয়ারি এইচ এম এরশাদ তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব ঘোষণার পর থেকেই এরশাদ ও তার স্ত্রী রওশনের মধ্যে বিরোধ আরেক ধাপ বেড়েছে। প্রতিদিন নতুন খবরের জন্ম দিচ্ছে রাজনৈতিক দলটি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সূত্রপাত হওয়া এরশাদ ও রওশনকে কেন্দ্র করে জাপায় দুটি বলয় তৈরি হয়। সে বলয় এখন প্রকাশ্য দুই শিবিরে বিভক্ত। দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি আহ্বান। চাওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। এক পক্ষ আরেক পক্ষের কর্মসূচিতেও যাচ্ছেন না। জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ঘোষণার পরের দিন গুলশানে এক বৈঠকে বিরোধীদলীয় নেতা রওশনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয় একটি অংশ। এর পরদিন এরশাদ জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমদ বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবার দলের নতুন মহাসচিব ঘোষণা দেন। গত রবিবার এরশাদের ডাকা প্রেসিডিয়ামের বৈঠকে অংশ নেননি রওশনপন্থি হিসেবে পরিচিত দলের শীর্ষ নেতারা। তারা হলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ ১২ জন প্রেসিডিয়াম সদস্য এতে অংশ নেননি। দলের নেতা-কর্মীদের অভিযোগ এ অংশটি সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিতে ব্যস্ত রয়েছে।

শনিবার এক বিবৃতিতে রওশন এরশাদ দাবি করেন, জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ পার্লামেন্টারি পার্টি এবং প্রেসিডিয়াম সদস্য সভার আলোচনা ছাড়াই দলের কো-চেয়ারম্যান অর্থাৎ ভবিষ্যৎ পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পদসহ পার্টির গুরুত্বপূর্ণ পদে যে পরিবর্তন এনেছেন সেটা দলের নীতিবহির্ভূত ও অগণতান্ত্রিক। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। একদিন পরই এইচ এম এরশাদ রওশন এরশাদের দাবি নাকচ করে দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি