রাজধানীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ৪ মাসের ব্যবধানে আরেক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত অক্টোবরে মাত্র ১০ ঘন্টায় ৩ শিশুর মৃত্যুর পর হাসপাতালটি বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করেই চলছে লালমাটিয়া বি ব্লকের এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম।
ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন নিউমোনিয়ায় আক্রান্ত আড়াই বছরের শিশু মারফত আলীকে অল্প খরচে ভাল চিকিৎসার কথা বলে এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করে এক দালাল। এরপর সোমবার সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ চিকিৎসার অভাবে এবং চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। ভর্তির পর থেকেই শিশুটির অবস্থা ক্রমশ: খারাপের দিকে গেলেও তার সুচিকিৎসার কোন চেষ্টা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি চিকিৎসার বিষয়ে কোন অবহেলা করেননি। হাইকোর্টের আদেশ অমান্য করে কেন এখনো হাসপাতালটি চলছে এ প্রশ্নের জবাবে হাসপাতালের পরিচালক শিহাব আহাদ বলেন, হাইকোর্টের আদেশ মেনেই আমরা কাজ করছি। যদিও কোর্টের নির্দেশের কোন কাগজ তিনি দেখাতে পারেননি।
কর্তব্যরত পুলিশ বলছেন, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সোমবারে শিশু মৃত্যুর ঘটনার পর কোন চিকিৎসকের দেখা মেলেনি। অন্যত্র সরিয়ে নেয়া হয় অন্য রোগীদের। তাদের স্বজনদেরও রয়েছে হাসপাতালের বিরুদ্ধে নানা অভিযোগ। কয়েকজন বলেন, এখানে উন্নত চিকিৎসার নামে ব্যবসা খোলা হয়েছে , চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা।


























































