ডেস্ক রিপোর্টঃ
সিলিং ফ্যানে ঝুলে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভিলাইয়ে। আত্মহত্যা করার আগে তিনি একটি সুসাইড নোটে লিখে গেছেন, ‘মরে গেলে কেউ আর আমাকে দেহব্যবসায়ী বলতে পারবে না’।
ঘরের মেঝেতে পড়ে ছিল সুইসাইড নোটটি। নিজের বাড়িতেই আত্মঘাতী হন ঐ নারী। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঐ নারী ধর্ষিতা হয়েছিলেন। অভিযুক্তদের শাস্তির প্রত্যাশায় জুতার শুকতলা খুইয়ে দৌড়ে বেড়িয়েছিলেন এক আদালত থেকে অন্য আদালতে। গত এক বছর ধরে শুধু শুনানির পর শুনানি হয়ে গেছে, শাস্তি পায়নি অভিযুক্তেরা! এক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ঔ নারী। কিন্তু বিচারের ধরন দেখে হতাশ হয় পড়েন তিনি।
তিনি সুইসাইড নোটে লিখেছেন, ‘যখনই আদালতে ডাক পড়েছে তখনই গিয়েছি, কিন্তু যেয়ে দেখতাম আইনজীবীই হাজির হয়নি আদালতে’।
সুইসাইড নোটে তিনি আরও লিখেছেন, আইনজীবীর এ ধরনের কাজে তিনি মানসিক ভাবে যথেষ্ট ভেঙে পড়েছিলেন। প্রতিবেশীদের কটূক্তি, বিচারের অনগ্রগতি- সব মিলিয়ে ধীরে ধীরে তাকে অবসাদ গ্রাস করেছিল। অবশেষে আত্মহত্যার পথটাই তার বেছে নিতে হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, আজ ২ ফেব্রুয়ারি এই মামলার শুনানির মাধ্যমে কি সমাধান বেরিয়ে আসবে? সেই অপেক্ষায় রয়েছেন তার পরিবারের সদস্যরা।
২০১৪ সালের জুনে ভিলাইয়ে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন ওই নারী। অভিযোগ, সেই সময় এক চিকিৎসক ও দুই কনস্টেবল তাকে ধর্ষণ করে। নারীর ভাই জানিয়েছেন, জন্ডিস হয়েছে বলে তিন দিন ধরে হাসপাতালে রেখে গিয়েছিলেন অভিযুক্ত চিকিৎসক। ঐ তিন দিন ধরে নারীকে ধর্ষণ করেন। পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্তরা।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ঘটনার প্রায় এক বছর পর ২০১৫ সালের জানুয়ারিতে মা-বাবাকে বিষয়টি জানান ঐ নারী। তাদের অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার পর থেকে বিচার পর্ব চললেও সমাধান মেলেনি। নারী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সরকারি আইনজীবীর বিরুদ্ধেও।


























































