বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারো মাঠে ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৬

Obaidul_Quader_sm_291077110
ডেস্ক রিপোর্টঃ

সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ফের রাস্তায় নামছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে মিটারে চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বি আরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রমে যোগ দেবেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি রাজধানীর ৮১ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে সরেজমিনে প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে মিটারে চলাচল অকার্যকর বলেও দাবি করা হয়।

এদিকে, চট্টগ্রামেও পহেলা ফেব্রুয়ারি থেকে মিটারের চলাচল শুরু হয়েছে। সেখানেও মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বি আরটিএ।

ঢাকার রাস্তায় অভিযানে পরিচালনা প্রসঙ্গে মন্ত্রী জানান, তিনি এ ক্ষেত্রে পিছপা হবেন না।

প্রায় চার মাস আগে রাজধানীতে নতুন করে ভাড়া বাড়িয়ে দিয়ে মিটারে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের নিময় করা হয়। তখন বেশ কয়েকদিন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বি আরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ সময় বর্ধিত ভাড়ায় প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা, দুই কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা করে সিএনজিচালিত অটোরিকশার চলাচল শুরু হয়।

২০০২ সালে সিএনজিচালিত অটোরিকশা চালু হওয়ার পর সরকার পাঁচবার ভাড়া বাড়ালেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে পারেনি। এবার পঞ্চমবারের মতো বাড়ানোর পরও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে নগরবাসীর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি