শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরপুরের অস্ত্র-গোলাবারুদ উলফার নয়, এনডিএফবির


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৬

sherpur1-400x219

ডেস্ক রিপোর্টঃ

শেরপুরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নয়, এগুলো আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের (এনডিএফবি) ছিল বলে দাবি করেছেন উলফার এক সময়ের ‘বাংলাদেশ ক্যাম্পের’ ট্রেনিং কমান্ডার অšুÍ সাওদাং।

বুধবার টেলিফোনে আমাদের সময় ডটকমের কাছে এ দাবি করে তিনি বলেন,‘নলিতাবাড়ীতে আমাদের (উলফা) কোন ক্যাম্প ছিল না, ওখানে এনডিএফবি’র ক্যাম্প ছিল। ওই এলকার উলফারও যাতায়াত ছিল। উদ্ধার হওয়া অস্ত্র এনডিএফবি’র হতে পারে।’

তবে ঝিনাইগাতি উপজেলার ভারত সীমান্তসংলগ্ন এলাকায় ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যে অস্ত্র,গুলি, রকেট, মাইন ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছিল সেগুলে উলফারই ছিল বলে আমাদের সময় ডটকমের কাছে স্বীকার করেন অন্তু সাউদাং। বাংলাদেশে অবস্থানকালে তিনি ওই এলাকায় উলফার দ্বায়িত্বে ছিলেন বলেও তিনি জানান।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার যে অংশটি শান্তি আলোচনায় অংশ নিয়েছে অন্তু সাউদাঙ সেই অংশের সদস্য। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, মণিপুরের স্বাধীনতাকামী সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (ইউএনএলএফ) প্রধান রাজকুমার মেঘেন, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের চেয়ারম্যান রঞ্জন দোইমারি, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) প্রেসিডেন্ট বিশ্বমোহন দেব বর্মাসহ যে সব নেতাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল তার মধ্যে অন্তু সাউদাংও ছিলেন।

সোমবার শেরপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার পর মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইকের সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব অস্ত্র ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বলে স্পষ্ট ইঙ্গিত করেছিলেন।

প্রসঙ্গত, সোমবার শেরপুরের নালিতাবাড়িতে মেঘালয় সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ভারী অস্ত্রসহ ৪৮ হাজারের বেশি গুলি উদ্ধার করে। ২০১৪ সালের শেষ দিকে হবিগঞ্জের চুনারুঘাটে কয়েক দফা অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

যে জায়গায় এসব গোলাবারুদ পাওয়া গেছে, তা এক সময় অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) আস্তানা ছিল বলে মনে করা হয়। ত্রিপুরার এই বিদ্রোহী দলটি এখন দুর্বল হয়ে পড়েছে। এর আগে নালিতাবাড়িরই এক গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল একে-৪৭ রাইফেল ও গুলি।

আর পাশের ঝিনাইগাতি উপজেলার ভারত সীমান্তসংলগ্ন এলাকায় ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত ৫০ হাজার গুলি, রকেট, মাইন ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়।

মাইন উদ্ধারের পর ২০১০ সালে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছিল, সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘সংযুক্ত মুক্তি বাহিনী অসম’ বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফার) এর ফেলে যাওয়া গোলাবারুদ বলে ধারণা করছে তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি