রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে ইসলামী দলগুলো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৬

islam
ডেস্ক রিপোর্টঃ

দেশে নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত ৯টি ইসলামী রাজনৈতিক দল। এ ছাড়াও বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের রাজনৈতিক তৎপরতা রয়েছে। দুটি বড় রাজনৈতিক দলের জোটে ইসলামী দলগুলো রয়েছে। সেখানেও তাদের কার্যক্রম প্রেসরিলিজ নির্ভর।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে তেমন তৎপরতা নেই ইসলামী দলগুলোর। গ্রেপ্তার ও প্রভৃতি প্রতিকূলতার কারণে নমনীয় নীতিতে চলছেন ধর্মভিত্তিক দলগুলোর নেতারা। ধর্মীয় ও জাতীয় ইস্যুতে আপাতত বড় কর্মসূচি পালনের পরিকল্পনা নেই তাদের। তবে অস্তিত্ব রক্ষার্থে আগামীতে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে বেশকিছু ধর্মভিত্তিক দল সামিল হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুন বছরে এই উদ্যোগ হালে কতটা পানি পাবে তা দেখতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

মাওলানা আবুল হাসানাত আমিনী। ইসলামী ঐক্যজোট ও খেলাফতে ইসলামীর সাবেক চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছোট ছেলে। প্রথমে তিনি আলোচনায় আসেন ২০১১ সালের ৪ এপ্রিল হরতালের সময় নিখোঁজ হওয়া ও ফিরে আসা নিয়ে। ২০১২ সালে মুফতি আমিনীর মৃত্যুর পর হাল ধরেন বাবার প্রতিষ্ঠিত সংগঠন ‘খেলাফতে ইসলামী বাংলাদেশ’-এর। বর্তমানে তিনি এ দলের আমির। পাশাপাশি পালন করছেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব।

অনেকেই বলছে ইসলামী ঐক্যজোট এখন তিন টুকরো হয়ে পড়েছে। একটি মাওলানা আবদুল লতিফ নেজামীর। অন্যটি অ্যাডভোকেট আবদুর রকিবের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট। অপরটি হচ্ছে মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। তাহলে প্রকৃত ইসলামী ঐক্যজোট কোনটি? এমন প্রশ্নের জবাবে মাও. আবুল হাসানাত আমিনী সাংবাদিকদের বলেন, যে যা-ই বলুক, প্রকৃত ইসলামী ঐক্যজোট আমরাই।  বাকিগুলো মেকি, খেলনা। সরকারি ও বেসরকারি দুই জোট এদের নিয়ে খেলছে। আর মিসবাহ নামক কেউ কোনোকালেই ইসলামী ঐক্যজোটের ছিল না। ব্যস, এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা এদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য আন্দোলন করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ। ঠিক একইরকম দাবি অন্য দুটি অংশেরও।

মঞ্চ- ময়দান দূরে থাক, ঘরোয়া বৈঠক এমনকি সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দেয়ার ক্ষেত্রেও অনেকটা সীমিত হয়ে পড়েছে তারা। পারস্পরিক ঐক্য এবং প্রতিকূল পরিস্থিতির কারণে এমনটি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

সূত্রমতে, এক সময় খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদসহ অন্তত এক ডজন ইসলামী দল ও সংগঠনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

তবে গত এক দুই বছরের মধ্যে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে তারা। রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় কোনো ইস্যুতেই তাদের অস্তিত্ব তেমন প্রকাশ পাচ্ছে না। তবে একমাত্র ইসলামী আন্দোলন সীমিত আকারে কিছু তৎপরতা চালাচ্ছে। বিষয়টি স্বীকার করে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘আমরা পরিস্থিতির শিকার’। ইসলামী দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মন্তব্য করে তিনি বলেন, রাজধানীর বাড্ডায় পবিত্র কোরআন পোড়ানো, ব্রাহ্মণবাড়ীয়ায় মাদরাসায় হামলাসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে আমরা সোচ্চার আছি। তবে প্রতিকূল অবস্থার কারণে ঐক্যবদ্ধভাবে সেটা প্রকাশ করা যাচ্ছে না। সরকারও সে সুযোগ দিচ্ছে না।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মইন উদ্দিন রুহী বলেন, চারদিকে সরকারের নানা দমন- পীড়নের কারণে ইসলামী দল এবং সংগঠনগুলো কোনো গণতান্ত্রিক স্পেস পাচ্ছে না। গোয়েন্দা নজরদারি এবং তৎপরতার কারণে তারা সাংগঠনিক কর্মকা-ও চালাতে পারছে না।

ইসলামী দল বা সংগঠনগুলোর নীরবতার এটা অন্যতম কারণ। তিনি বলেন, তবে যতটা নিষ্ক্রীয়তা বলা হচ্ছে, আমরা ততটা নিষ্ক্রীয় নই। নানা কৌশলে সীমিত পর্যায়ে হলেও সক্রিয় আছি। সময়ের পরিবর্তনে সেটা দেখা যাবে। এদিকে প্রতিকূল অবস্থার মধ্যে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম শুরু করে ইসলামী আন্দোলন। এ সময়  দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনৈসলামীকরণ প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সমাজ ব্যবস্থা দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে। সর্বত্র দুর্নীতির করালগ্রাসে জাতি নিমজ্জিত। দুর্নীতি, মাদকাসক্ত ও বিকারগ্রস্ত লোক দ্বারা সমাজ ও রাষ্ট্রে শান্তি আশা করা যায় না। তিনি বলেন, মানুষ অধিকার বঞ্চিত হয়ে হাহাকার করছে। দেশের সর্বত্র অশান্তির আগুন জ্বলছে। মানুষ শান্তির আশায় দিগি¦দিক ছুটছে। স্বাধীনতার পর থেকে শাসকগোষ্ঠী জনগণকে বার বার ধোঁকা দিয়ে কখনো নতুন বাংলা, কখনো সোনার বাংলা, কখনো সবুজ বাংলার কথা বলে এখন ডিজিটাল বাংলার কথা বলছে। তবে শান্তি, ইনসাফ ও অধিকার ফিরে পেতে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

এদিকে দুই জোট থেকে বেরিয়ে ইসলামী ঐক্যজোট নতুন রাজনৈতিক মোর্চা গঠনের উদ্যোগ নিয়েছে। সমমনা ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে তারা। কাঙ্খিত মোর্চার লক্ষ্য হবে সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইসলামবিরোধী তৎপরতার বিরুদ্ধে সংগঠিত কার্যক্রম পরিচালনা করা। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এই মোর্চা নির্বাচনী জোটেও পরিণত হতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রায় নিষ্ক্রীয় হয়ে পড়া ইসলামপন্থী বিভিন্ন দলের নেতারা ইসলামী ঐক্যজোটের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে।

নতুন জোট গঠনের ব্যাপারে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, ইনসাফ কায়েম এবং রাষ্ট্রীয় অখ-তা রক্ষার জন্য আমরা শান্তিপূর্ণ উপায়ে ইসলামী গণবিপ্লব সংঘটিত করতে চাই। দেশের লাখো-কোটি জনতা এই স্বপ্ন দেখে। যেসব দল, সংগঠন ও ব্যক্তি দেশে ইসলাম কায়েমে সংকল্পবদ্ধ আমরা তাদের নিয়ে বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই।

তিনি জানান, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি এবং বলছি। শিগগির নতুন জোট আত্মপ্রকাশ করবে।’ নতুন জোটের কর্মপরিধির বিষয়ে তিনি বলেন, এটি হবে রাজনৈতিক জোট। তবে এটি নির্বাচনী জোট হবে কি না তা যথাসময়ে স্পষ্ট করা হবে। মানুষের অধিকার আদায়ে কাজ করবে এ মোর্চা। সরকারের কার্যক্রমে সংশ্লিষ্ট হওয়ার বা তাদের জোটে যাওয়ার সম্ভাবনা নেই। তবে তাদের ভালো কাজকে স্বাগত জানানো হবে এবং মন্দ কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৯টি ইসলামী রাজনৈতিক দল ছাড়াও বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন তৎপর রয়েছে। এসবের মধ্যে নিবন্ধিত দল ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম; নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামী ও অনিবন্ধিত ইসলামিক পার্টি ২০ দলীয় জোটের শরিক। মানবতাবিরোধী অপরাধে শীর্ষ নেতাদের বিচার, নিবন্ধন বাতিল হওয়া ও নিষিদ্ধ হওয়ার আশঙ্কা থাকায় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে কোণঠাসা জামায়াতে ইসলামী। ২০ দলের শরিক অন্য ইসলামী দলগুলোর ওপর প্রশাসনের নজরদারি রয়েছে। সর্বশেষ ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলীয় জোট ছেড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি