বুধবার রাতে মিরপুরের গুদারাঘাট এলাকায় চা দোকানদার বাবুলের কাছে চাঁদা না পেয়ে পুলিশ কর্মকর্তা দেলোয়ার তার স্টোভে লাথি মারলে তা বিস্ফোরিত হয়। আর তাতেই মারাত্মক অগ্নিদগ্ধ বাবুলকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো যায়নি। অগ্নিদগ্ধ দোকানদার বাবুল মাতব্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বুধবার রাজধানীর শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকায় বাবুল (৪৫) নামের এই চা-দোকানির কাছে পুলিশ চাঁদা চাইলে সে তা দিতে পারেনি। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে তার চা তৈরির চুলায় লাথি মারে। ফলে স্টোভটির প্রচ- বিস্ফোরণ ঘটলে বাবুলের গায়েও আগুণ লেগে যায়।
বুধবার রাত পৌণে দশটায় বাবুলের ভাতিজা জহিরুলসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানান, বাবুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে দেলোয়ার নামে এক পুলিশ কর্মকর্তা বাবলুর কাছে চাঁদা দাবি করেন। বাবলু চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে দেলোয়ার ক্ষুব্ধ হয়ে চায়ের স্টোভে লাথি মারেন। এর ফলে তৎক্ষণাত স্টোভটি বিস্ফোরিত হয়ে বাবুল মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।


























































