স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কে দেখে কাঁদলেন বিরল চর্মরোগ ট্রিম্যানে আক্রান্ত খুলনার আবুল বাজনাদার, তার মা আমেনা বেগম ও স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী আবুলের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের বার্ন ইউনিটে তার কক্ষে প্রবেশ করলে এমন দৃশ্যের অবতারণা হয়।
মন্ত্রীর দিকে তাকিয়ে আবুল বলেন, স্যার আমারে বাঁচান, আমার জন্য যা করতাছেন, আমি জীবনেও ভুলুম না। আবুলের মা মন্ত্রীর হাত ধরে বলতে থাকেন- আমার বাবারে ভাল কইরা দেনৃ..
এসময় স্বাস্থ্যমন্ত্রী আবুলের মাথায় হাত বুলিয়ে বলতে থাকেন, চিন্তা করবে না, তোমার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আছে। তিনি আমাকে পাঠিয়েছেন তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করতে।
এরপর মন্ত্রী বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে বলেন, আমি নিজেই আবুলকে দেখে ভয় পেয়ে গেছি। তাকে দেখে মনে হচ্ছিল- এ আমি কার সঙ্গে কথা বলছি, কাকে দেখছি। কীভাবে সে এতোটা বছর এসব নিয়ে থেকেছে? বিষয়টি বড়ই কষ্টের।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশবিদেশ- যেখান থেকেই হোক, আপনারা আবুলের সুচিকিৎসার উপায় বের করুন।
মন্ত্রী বলেন, আবুলের সমস্ত খরচ সরকার বহন করবে। ভারত ফেল করেছে তার চিকিৎসায়, দেখি না, আমরা পারি কি-না।
সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারাও আবুলের ভাল চাচ্ছেন। এজন্য প্রতিদিন তার খোঁজ নিচ্ছেন। কিন্তু এমনভাবে তার সাক্ষাৎ নিতে যাবেন না, যাতে তার ক্ষতি হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আবুলের চিকিৎসায় গঠিত ৬ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিষয়ের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সদস্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ডা. সামন্তলাল সেন, প্লাস্টিক সার্জারির অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ প্রমুখ।
অন্যদের মধ্যে- ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাঈল হোসেন খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন প্রমুখ উপস্থিত ছিলেন।


























































