বাংলাদেশে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা জিকা ভাইরাসের জীবানূ বহন করে কিনা তা পরীক্ষা করার জন্য এই মশার নমুনা বিদেশের পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। এই নিয়ে প্রথমবারেরমত আজ ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কারিগরি কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকের বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন, কারিগরি কমিটির সমন্বয়কারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ তত্ব শাখার পরিচালক ড. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জিকা ভাইরাস নিয়ে এ্যালার্ট জারি করার পর আমাদের জনগণের উদ্দ্যেশে কি বার্তা প্রচার করা প্রয়োজন এবং আমাদের প্রস্তুতি হিসাবে কি কি পদক্ষপে গ্রহণ করা দরকার সে বিষয়ে এই বৈঠক করা হবে। বৈঠকে এই কমিটির মাধ্যমে অনুমতি নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম শুরু করব।
আবুল খায়ের আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে বার্তা এসেছে তাতে বলা হয়েছে এডিস এজিপ্টি নামে যে মশা ডেঙ্গু ভাইরাস ছড়ায় সেই একই প্রজাতির মশা জিকা ভাইরাসও ছড়ায়। নির্দেশনা মোতাবেক সোমবার রাত থেকে কার্যক্রম শুরু করেছি। প্রথমে বাহক হিসাবে যে মশার কথা বলা হচ্ছে সেই বাহক মশা সংগ্রহ করেছি এবং নমুনা নিয়েছি। এই নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষাগার থেকে পরীক্ষা করে নিয়ে আসব এতে জিকা ভাইরাস আছে কিনা। এই নমুনা আমরা কারিগরি বৈঠক শেষেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষাগারে পাঠানোর উদ্যেগ গ্রহণ করব। যদি এডিস মশাতে জিকা ভাইরাসের জীবানূ না থাকে তাহলে এই ভাইরাস মানুষের মধ্যে সংক্রমণের কোন আশঙ্কা থাকবে না।
আবুল খায়ের বলেন, ১৯৫৬ সালে উগান্ডাতে জিকা ভাইরাস সনাক্ত হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে জিকা ভাইরাস নামে কোন ভাইরাসের কোন মানুষ বা মশার দেহে সনাক্ত হয়নি। কিন্তু ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি এডিস মশার শরীরে পাওয়া গেছে। সে হিসাবে এডিস মশাতে জিকা ভাইরাস আছে কিনা সেটা আগে প্রমাণ করার চেষ্টা করছি। জিকা ভাইরাস নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।


























































