পাকিস্তান বাংলাদেশের ক্ষেত্রে ‘আঘাতের বদলে আঘাত নীতি’ অনুসরণ করছে উল্লেখ করে দেশটির কড়া সমালোচনা করা হয়েছে পাক গণমাধ্যম ডেইলি টাইমসের সম্পাদকীয়তে। পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেয়া হয়েছে।
অপর পাক দৈনিক ‘ইন্টারন্যাশনাল দ্যা নিউজে’র সম্পাদকীয়তে পাকিস্তানকে নিজের খাতিরেই ১৯৭১ সালে সংগঠিত অপরাধ স্বীকার করে নিতে বলা হয়। পাশাপাশি ঐতিহাসিক অপরাধকে জিম্মি করে বাংলাদেশের বর্তমান সম্পর্ককে মূল্যায়ন করা উচিত হবে না বলে মন্তব্য করা হয়। উভয় সম্পাদকীয়তে বর্তমান পরিস্থিতির অবসান ঘটানো আবশ্যক উল্লেখ করে এ ক্ষেত্রে দুদেশকেই সমান দায়বদ্ধতা দেখাতে বলা হয়।
ডেইলি টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে উদ্দীপনা এড়িয়ে চলার পরিবর্তে পুনরায় কূটনৈতিক ঝগড়ায় জড়িয়ে পড়েছে। পাকিস্তান ‘আঘাতের বদলে আঘাত নীতি’র অনুসরণ করছে। ঢাকায় সন্দেহভাজন চলাফেরার কারণে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান এ নীতি গ্রহণ করে। ইসলামাবাদে এক বাংলাদেশি দূতাবাস কর্মকর্তাকে চার ঘণ্টার জন্য আটকিয়ে রাখার ঘটনায় পাকিস্তানকেও প্রতিবাদ জানায় বাংলাদেশ।
পাকিস্তানি পত্রিকা ডেইলি টাইমসের সম্পাদকীয়তে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৯৭১ সালের যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার উদ্যোগ নেয়। অনেককে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়। আর তখন থেকেই ভাল সম্পর্ক নেই এ দুই দেশের মধ্যে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশের স্থপতির (শেখ মুজিবুর রহমান) অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে মৃত্যুদ- কার্যকরের প্রকাশ্যে সমালোচনা করে। ঢাকা এ চুক্তিতে ১৯৭১ সালের বিভাজনের সময় যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে না নিতে সম্মত হয়। ২০১০ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুবাল প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের মৃত্যুদ- কার্যকর করছে বাংলাদেশ। তখন থেকে এ পর্যন্ত ২৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ২১জনকে মৃত্যুদ- দেয়া হয়েছে। বিরোধীদল জামায়াতের তিন নেতাসহ এ পর্যন্ত ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে।
এদিকে পাকিস্তান ত্রিপক্ষীয় চুক্তির উদ্ধৃতি দেয়ায় বাংলাদেশের বর্তমান সরকার আরও বিক্ষুব্ধ হয়। বাংলাদেশের বর্তমান নেতৃত্ব অভিযোগ করে যে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ১৯৭৫ সালের ১৫ আগস্টের অভ্যুত্থানে মূল ভূমিকা রেখেছে। অভ্যুত্থানে দুই মেয়ে ছাড়া দেশটির প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব সদস্য হত্যাকা-ের শিকার হয়। এসময় ওই দুজন জার্মানিতে ছিলেন। বাংলাদেশে পাকিস্তানের হস্তক্ষেপের অভিযোগের পর ত্রিপক্ষীয় চুক্তির গ্রহণযোগ্যতা হারিয়ে যায়।
বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক পুন:প্রতিষ্ঠা করা বাধ্যতামলূক হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সামনে এগিয়ে আসা উচিত এবং উত্তেজনা কমাতে তাদের দক্ষ ভূমিকা রাখা উচিত। বাংলাদেশের সঙ্গে আচরণের ক্ষেত্রে পাকিস্তানকে একটি দূরদর্শী পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন।
১৯৭১সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই বাংলাদেশ একটি সার্বভৌম দেশ এবং পাকিস্তানের এ বাস্তবতা মেনে নেয়া উচিত। বাংলাদেশ একসময় বৃহত্তর পাকিস্তানের একটি অংশ ছিল তার ভিত্তিতে আচরণ করা উচিত হবে না। যুদ্ধাপরাধীদের মৃত্যুদ- কার্যকর করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এতে ইসলামাবাদ কেবল তার মূল্যায়ন ব্যক্ত করতে পারে। কিন্তু ঢাকার সঙ্গে উত্তেজনা বাড়ানো উচিত নয়।
অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোন হস্তক্ষেপের ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক তেঁতো হয়ে উঠে। অন্য রাষ্ট্রকে বিক্ষুব্ধ করে এমন বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ করা উচিত হবে না। যদি কোন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে তাহলে জাতিসংঘ ও অন্যান্য বিশ্ব সংস্থাগুলো হস্তক্ষেপ করতে পারে এবং বাংলাদেশের সঙ্গে বুঝাপড়া করতে পারে। কিন্তু পাকিস্তানের কোন বিতর্কে জড়ানো উচিত হবে না। অপরদিকে আঞ্চলিক শান্তির স্বার্থে পাকিস্তানকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।























































