দেশের মাদকাসক্ত মোট শিশুর ৬০ শতাংশই পথ শিশু। যেসব পরিবারের ব্যক্তিরা মাদক গ্রহণ করে, মাদকের ব্যবসায় করে, সেসব পরিবারের শিশুরাই মাদকাসক্ত হয় বেশি।
শনিবার সকালে ঢাকা আহসানিয়া মিশনে ‘শিশু মাদকাসক্তদের জন্য করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তরা এসব তথ্য উপস্থাপন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঢাকা আহসানিয়া মিশন এ অনুষ্ঠান আয়োজন করে।
বক্তারা আরো বলেন, শিশুদের মাদক থেকে দূরে রাখতে প্রধান ভূমিকা পরিবারের। এরপর সমাজ। আর যারা মাদকাসক্ত হয়েই গেছে, তাদের সঠিক চিকিৎসার আওতায় আনার ব্যবস্থা করতে হবে। যদিও বাংলাদেশে মাদকাসক্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম বলেন, পারিবারিক বন্ধন শক্তিশালী করার দিকে মনোযোগ দরকার। শিশুদের বড় একটি অংশ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মাদক গ্রহণ করে।
কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট ডা. সৈয়দ ইমামুল হোসেন বলেন, শিশু মাদকাসক্তদের চিকিৎসা কঠিন বিষয়। কেননা, শিশুরা বুঝতে সক্ষম নয়, তাদের কী করা হচ্ছে, কেন করা হচ্ছে, করলে কী লাভ ইত্যাদি। এজন্য তাদের চিকিৎসায় বাড়তি যতœ থাকতে হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- জার্মানির দাতা সংস্থা কেএইচএন এর দেশিয় প্রতিনিধি মারুফ মমতাজ রুমি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন- সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী নূরুল কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আমির হোসেন, ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম রুমি প্রমুখ।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঢাকা আহসানিয়া মিশনের মধ্যে চুক্তি সাক্ষর হয়। এ চুক্তির আওতায় শিশু মাদকাসক্তের চিকিৎসায় কাজ করবে আহসানিয়া মিশন।


























































