শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলা নামফলকের ভুল বানান: বিভ্রান্তিতে শিক্ষার্থীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৬

banan-400x221
ডেস্ক রিপোর্টঃ

উচ্চ আদালত, বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সর্বত্রই চলছে ভুল বানানের মহড়া। বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানের সাইনবোর্ড, ব্যানার ও দেয়াল লিখনে একটু মনোযোগ দিলেই দেখা যায় বাংলা শব্দের করুণ পরিণতি।

শিক্ষার্থীরা বলছেন, এসব ভুল বানানের শব্দ প্রতিনিয়ত বিভ্রান্ত করছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, উন্মুক্ত স্থানে ভুল বানানে শব্দ লেখা বন্ধে দরকার সরকারি পদক্ষেপ।

রাজধানীর সড়কগুলোর দুই পাশে রঙিন আলোয় ঝলমলে সাইনবোর্ডগুলোর দিকে একটু মনোযোগ দিলেই বাংলা বানান নিয়ে অবহেলা চোখে পড়বে।

শুধু রাস্তার ধারে লাগানো সাইনবোর্ড বা ব্যানার নয়। উচ্চ আদালত, বাংলা একাডেমি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানগুলোও এ ভুল বানান থেকে মুক্ত নয়। বিদেশি শব্দের এই বানানগুলোর দিকে যেন মনোযোগ নেই কারোর।

শিক্ষার্থীরা বলছেন, পাঠ্যবইয়ে একরকম আর অন্যান্য ক্ষেত্রে ভিন্ন বানান দেখে শুদ্ধ বানান সম্পর্কে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ বলছেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধার অভাবের কারণেই সর্বত্র লেখা হচ্ছে ভুল বানানের শব্দ।

ভাষা গবেষকরা বলছেন, রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এখনই বিভিন্ন স্থানে ভুল বানানে শব্দ লেখা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি