শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইন পাশ না করেই পরিত্যক্ত জমি খাস করার ধান্ধা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৬

New-age-400x364
ডেস্ক রিপোর্টঃ

আইন পাস ও সঠিক সমীক্ষা না করেই পরিত্যক্ত জমি খাস বা রাষ্ট্রীয় জমিতে পরিণত করার বিজ্ঞপ্তি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। নিয়ম হচ্ছে নতুন আইন পশের পরে মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। দখলকৃতদের না জানিয়েই তা লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিত্যক্ত জমিকে খাস জমি হিসেবে গণ্য করার কোনো ক্ষমতা ভূমি মন্ত্রণালয়ের নেই। পরিত্যক্ত জমি খাস জমিতে পরিণত করার বিষয়ে আইন করার একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন পাস হওয়ার আগে পরিত্যক্ত জমিকে খাস জমিতে আনা আইনসিদ্ধ হবে না। আইন আগে পাস করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের এই নির্দেশের পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেও মনে করেন ইফতেখারুজ্জামান।

গত বছরের মার্চে সরকার পরিত্যক্ত জমিকে খাস জমিতে আনার জন্য একটি আইন করার পরিকল্পনা করেছে। তারই পরিপ্রেক্ষিতে সঠিকভাবে জমি নিরুপণ করার জন্য ভূমি মন্ত্রণালয়কে খসড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার প্রকৃত জমি মালিক, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সর্বশেষ হালনাগাদ তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়কে।

ভূমি মন্ত্রণালয়ের অর্পিত ও পরিত্যক্ত বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুল হাসান ফেরদৌস বলেন, ২৯ সেপ্টেম্বর ২০১৫ সালে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকের পরে এই সিদ্ধান্ত ইস্যু করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিকুল আলমের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ শেখ ইউসুফ হারুন নিউএজকে জানান, ২০১৪ সালের সেপ্টেম্বরে ৭ সদস্য বিশিষ্ট কমিটির বৈঠকে পরিত্যক্ত জমিকে খাস জমিতে রুপান্তর করার জন্য একটি সিদ্ধান্ত হয়েছিল। ওই বৈঠকে ভূমি মন্ত্রণালয়কে খসড়া তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল পরিত্যক্ত জমি মালিকদের খাস খতিয়ান বের করার সুপারিশ করা হয়েছিল কিন্তু তাদের বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়নি।

নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ আনিসুর রহমান মিয়া নিউএজকে জানান, এই বিষয়ে একটি ফাইল আমাকে দেওয়া হয়েছে তবে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়নি। ঢাকার ডিসি মোহাম্মদ তোফাজ্জল হোসাইন মিয়া জানান, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশেই আমি পরিত্যক্ত জমি খাস জমি হিসেতে গণ্য করতে পারি না। নতুন আইন পাস না করেই এই নির্দেশ মানা কোনো অবস্থাতেই সম্ভব নয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ মানতে হলে প্রথমে আইন পাস করতে হবে।

১৯৭২ সালে যারা বাংলাদেশ ছেড়ে অন্যত্র চলে যায় ও দেশের বিরোধিতা করেছিল সরকার তাদের জমিকেই পরিত্যক্ত জমি হিসেবে গণ্য করেছে। নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিস্পত্তি ১৯৭২ এর নির্দেশে ওই  জমিই খাস জমিতে রুপান্তরিত হয়ে সরকারি করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ পরিত্যক্ত আইন-১৯৭২ সালে নতুন আইন পাস করে পরিত্যক্ত জমিকে ১০ ভাগে ভাগ করে ভূমি, কৃষি, গৃহায়ণ, তথ্য, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রণালয়কে বন্টন করে দেওয়া হয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য।

প্রাথমিক হিসেব অনুযায়ী, ভূমি মন্ত্রণালয় ২০১৪ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানায়, বাংলাদেশে ৬ হাজার ৭৪ একর পরিত্যক্ত জমি রয়েছে এর মধ্যে ১ হাজার ৬৫৫ একর অবৈধভাবে দখল হয়ে আছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন গত বছরের ২৯ জুন জাতীয় সংসদে জানান, ১০ হাজার ৩১৩ একর পরিত্যক্ত বাড়ি রয়েছে বাংলাদেশে। তবে বরিশাল বিভাগে কোনো পরিত্যক্ত জমি নেই বলেও তিনি জানান।

ভূমি ও গৃহায়ণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অধিকাংশ পরিত্যক্ত বাড়ি ও জমি প্রভাবশালীদের দখলে আছে। প্রকৃত মালিকরা তাদের বাড়ি ও জমি ফেরত পেতে মামলা করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি